বিনোদন

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?

পৌরুষের পুরনো সংজ্ঞা ভাঙছেন তারকারা

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?

‘পুরুষ মানুষ কাঁদে না’, ‘পুরুষকে হতে হবে শক্ত, সাহসী ও কঠোর’। সমাজে প্রচলিত পুরুষত্বের ধারণা এমনই। আবেগ প্রকাশ করা, গোলাপি পোশাক পরা কিংবা নিজের দুর্বলতার কথা প্রকাশ্যে বলা, এসব যেন পুরুষের জন্য নয়। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই ধারণা। হলিউড থেকে বলিউড, এমনকি কে-পপ দুনিয়ার তারকারাও প্রচলিত পুরুষত্বের সংজ্ঞাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন।

ফ্যাশন, ব্যক্তিত্ব, আবেগ কিংবা জীবনযাপনের নানা ক্ষেত্রে তারা তুলে ধরছেন পুরুষের ভিন্ন এক পরিচয়। যেখানে শক্তপোক্ত শরীরের পাশাপাশি কোমলতা, সংবেদনশীলতা ও আবেগ প্রকাশেরও জায়গা রয়েছে।

ভারতীয় সিনেমার অমিতাভ বচ্চনের ১৯৮৫ সালের ‘মর্দ’ সিনেমার জনপ্রিয় সংলাপ, ‘মর্দ কো কভি দর্দ নেহি হোতা’, অর্থাৎ পুরুষের কখনো ব্যথা হয় না। এমন সংলাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরুষের ওপর এক ধরনের প্রত্যাশা তৈরি করেছে। পুরুষ মানেই তাকে হতে হবে কঠিন, দৃঢ়চেতা ও আবেগহীন। চোখের কোণে এক ফোঁটা জল এলেও যেন কমে যায় তার পৌরুষ। কিন্তু সেই ধারণা থেকে বেরিয়ে আসছেন অনেক তারকা। তাদের কাছে পুরুষত্ব মানে শুধু পেশিশক্তি কিংবা কঠোর ব্যক্তিত্ব নয়, বরং নিজের মতো করে বাঁচা এবং অনুভূতি প্রকাশের স্বাধীনতাও।

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?

বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল পুরুষের নতুন পরিচয়

সিনেমায় এত দিন পুরুষ চরিত্রের আকর্ষণীয় হয়ে ওঠার একটি চেনা দৃশ্য ছিল। চশমা খুলে, হাতার বোতাম গুটিয়ে, মুঠি শক্ত করে দাঁড়ালেই যেন নায়কের পৌরুষ ফুটে উঠত। কিন্তু এখন সেই চেনা ছকের বাইরে নিজেদের পরিচিত করছেন তারকারা। বই পড়া, কমিকস, অ্যানিমে, জাদুঘর ঘুরে দেখা কিংবা ভিডিও গেমের প্রতি আগ্রহ, এসবও হয়ে উঠছে তাদের ব্যক্তিত্বের অংশ।

অভিনেতা অ্যান্ড্রু স্কট নিজেকে বইপড়ুয়া ও বন্ধুহীন একজন মানুষ হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ। কিয়ানু রিভসের আগ্রহ কমিকস নিয়ে, মাইকেল বি জর্ডানের পছন্দ অ্যানিমে। কে-পপ তারকা আরএম কথা বলেন জাদুঘর, নিরিবিলি হাঁটাহাঁটি ও মানসিক সুস্থতা নিয়ে। অন্যদিকে তিমোথি শ্যালামে নিজের এক্সবক্স কন্ট্রোলার সাজাতে ভালোবাসেন। এসব আগ্রহের মধ্য দিয়ে তারকারা দেখাচ্ছেন, পুরুষের ব্যক্তিত্ব কেবল শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়।

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?

ফ্যাশনে ভাঙছেন চেনা ছক

পুরুষের পোশাক মানেই শার্ট, টি-শার্ট আর ট্রাউজার, ফ্যাশন দুনিয়ায় দীর্ঘদিনের এই ধারণাও বদলাচ্ছে। প্রচলিত পোশাকের গণ্ডি পেরিয়ে স্কার্ট, মুক্তার গয়না, স্বচ্ছ কাপড় কিংবা ভিন্নধর্মী সাজে নিজেদের উপস্থাপন করছেন তারকারা।

হ্যারি স্টাইলস ও বিলি পোর্টার স্যুটের সঙ্গে গাউন, মুক্তার গয়না ও স্বচ্ছ কাপড় ব্যবহার করে পুরুষের ফ্যাশনে এনেছেন নতুন মাত্রা। রণবীর সিং ও জেডেন স্মিথের পোশাকেও দেখা যায় স্কার্ট, উজ্জ্বল নকশা ও ভিন্নধর্মী সাজের ব্যবহার। অন্যদিকে বিটিএস, স্ট্রে কিডস, কর্টিস ও এনহাইপেনের মতো কে-পপ ব্যান্ডের সদস্যরা চোখের মেকআপ, হাইলাইটার ও নানা রঙের সাজকে জনপ্রিয় করে তুলেছেন। তাদের কাছে পোশাক ও সাজ কেবল নারী-পুরুষের নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকার বিষয় নয়, বরং নিজেকে প্রকাশের একটি মাধ্যম।

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?শক্তপোক্ত শরীর, সঙ্গে কোমল ব্যক্তিত্ব

পুরুষ মানেই শুধু পেশিবহুল শরীর আর কঠিন চেহারা, এমন ধারণাও বদলাচ্ছে। এখনকার তারকারা শরীরচর্চার পাশাপাশি নিজেদের কোমল, রোমান্টিক ও সৃজনশীল দিকগুলোও প্রকাশ করছেন। ব্যায়ামাগার থেকে বেরিয়ে হাতে আদুরে স্ট্যানলি কাপ নিয়ে হাঁটা কিংবা ভালোবাসার সিনেমা, গান, গেমিং ও কেনাকাটায় আগ্রহ দেখানো, এসবেও তারা অস্বস্তি বোধ করেন না।

ক্রিস ইভান্সের সৃজনশীল কাজের প্রতি আগ্রহ, নিকোলাস গ্যালিটজিনের সংগীত ও কাঠের কাজের প্রতি ভালোবাসা কিংবা আহান পান্ডের কোমল ব্যক্তিত্ব তারই উদাহরণ। তারা দেখাচ্ছেন, পেশিবহুল শরীরের সঙ্গে কোমল ও মিষ্টি স্বভাবের কোনো বিরোধ নেই। একজন পুরুষ একই সঙ্গে শক্তিশালী এবং আবেগপ্রবণ হতে পারেন।

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?ব্যক্তিত্বে গুরুত্ব পাচ্ছে ‘কাইন্ডনেস’

সুদর্শন চেহারা কিংবা আকর্ষণীয় হাসি প্রথম দেখায় নজর কাড়তে পারে। কিন্তু একজন মানুষ অন্যদের সঙ্গে কেমন আচরণ করেন, সেটিই তার ব্যক্তিত্বের বড় পরিচয়। তারকাদের মধ্যেও এখন সহানুভূতি, বিনয় ও আন্তরিকতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

টম হল্যান্ড প্রকাশ্যে বলেছেন, নিজের শেকড় ও কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ধরে রাখার গুরুত্বের কথা। পরিচালক বং জুন-হো অভিনেতা রবার্ট প্যাটিনসনকে বিবেচক, সহজ-সরল ও আন্তরিক মানুষ হিসেবে বর্ণনা করেছেন। কিম সন-হোর চিন্তাশীল ও প্রাণবন্ত আচরণ, জ্যাকসন ওয়াংয়ের নারী ক্ষমতায়নের পক্ষে অবস্থান, পেদ্রো পাসকালের হাসিখুশি ও স্নেহশীল ব্যক্তিত্ব কিংবা হিউন বিনের মার্জিত আচরণ, সব মিলিয়ে পুরুষের ব্যক্তিত্বে নতুন করে গুরুত্ব পাচ্ছে সৌজন্য ও মানবিকতা।

‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল?দুর্বলতা প্রকাশেও নেই সংকোচ

পুরুষত্বের প্রচলিত ধারণা নিয়ে আলোচনার শেষ প্রান্তে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে, একজন পুরুষ আসলে কেমন? এর কোনো একক উত্তর হয়তো নেই। তবে ভয়, অনিশ্চয়তা, মানসিক সংকট কিংবা ব্যক্তিগত কষ্টের কথা প্রকাশ্যে বলতে পারাও যে সাহসের পরিচয়, তা দেখাচ্ছেন অনেক তারকা।

ডোয়াইন জনসন নিজের বিষণ্নতার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। হিউ জ্যাকম্যান আলোচনা করেছেন থেরাপি, শোক ও পারিবারিক আঘাত নিয়ে। শরীর নিয়ে নিজের অনিরাপত্তার কথা জানিয়েছেন জোনাহ হিল। যৌন নিপীড়নের শিকার পুরুষদের অভিজ্ঞতা ও সামাজিক সংকোচ নিয়ে কথা বলেছেন টেরি ক্রুস। অন্যদিকে ড্যানিয়েল ক্রেইগ প্রশ্ন তুলেছেন পুরুষের আবেগ লুকিয়ে রাখার প্রবণতা নিয়ে। ব্যর্থতা ও প্রত্যাখ্যানের ভয় নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন অ্যান্ড্রু গারফিল্ড।

তাদের এসব অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, আবেগ প্রকাশ করা দুর্বলতা নয়। বরং নিজের অনুভূতি, ভয় ও সীমাবদ্ধতাকে স্বীকার করার মধ্যেও রয়েছে সাহস। পুরুষত্বের অর্থ তাই কেবল কঠোর হওয়া নয়, নিজের মানবিক দিকগুলোকে গ্রহণ করাও। আলফা মেল হওয়ার চেয়ে একজন সংবেদনশীল, সহানুভূতিশীল ও নিজের অনুভূতি প্রকাশে স্বচ্ছন্দ মানুষ হয়ে ওঠাই যে বেশি গুরুত্বপূর্ণ, তারই বার্তা দিচ্ছেন এই তারকারা।

বিষয়:আলফা মেল তারকা পুরুষ দিবস বলিউড সিনমো হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…