‘দ্য ট্রাভেলার’-এ সময় ভ্রমণকারীর চরিত্রে ক্রিস প্র্যাট

নতুন সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড তারকা ক্রিস প্র্যাট। লেখক জোসেফ একার্টের উপন্যাস ‘দ্য ট্রাভেলার’ অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এতে একজন অনিচ্ছুক সময় ভ্রমণকারীর চরিত্রে দেখা যাবে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকাকে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্যারামাউন্ট পিকচার্সের সঙ্গে ক্রিস প্র্যাটের নতুন তিন বছরের প্রযোজনা চুক্তির আওতায় নির্মিত হবে চলচ্চিত্রটি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ইনডিভিজিবল প্রোডাকশনের মাধ্যমে এই চুক্তি করেছেন অভিনেতা। চুক্তির অংশ হিসেবে নির্দিষ্ট কিছু প্রকল্পে অভিনয়ের সুযোগও রয়েছে তার।
জোসেফ একার্টের ‘দ্য ট্রাভেলার’ উপন্যাসের গল্প আবর্তিত হয়েছে একজন অনিচ্ছুক সময় ভ্রমণকারী ও তার ছেলেকে ঘিরে। হাজার হাজার বছরের সময়ের ব্যবধান পেরিয়েও বাবা-ছেলের মধ্যকার অটুট বন্ধনই গল্পের মূল বিষয়। চলচ্চিত্রটির গল্পে বেদনা, আশা এবং কল্পনার অতীত ভবিষ্যতের এক রোমাঞ্চকর অভিযানের চিত্র তুলে ধরা হবে।
ছবিটি পরিচালনা করবেন জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম স্টেইন। চিত্রনাট্য লিখেছেন জাস্টিন রোডস।
ক্রিস প্র্যাট ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ট্রিলজি, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।
এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন রোমান্টিক চলচ্চিত্র ‘প্যাসেঞ্জার্স’-এ জেনিফার লরেন্সের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে মহাকাশযাত্রীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
‘দ্য ট্রাভেলার’-এর মাধ্যমে আবারও সায়েন্স ফিকশন ঘরানায় ফিরছেন এই হলিউড তারকা। তবে ছবিটির মুক্তির তারিখ ও অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। টেলিগ্রাফ ইন্ডিয়া





