আন্তর্জাতিক

স্ক্রিন ছেড়ে বই-খাতায় ফিরছে নরওয়ে

শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারে নতুন ভাবনা

স্ক্রিন ছেড়ে বই-খাতায় ফিরছে নরওয়ে

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পড়া-লেখার দক্ষতায় অবনতি ঠেকাতে শ্রেণিকক্ষে আবারও ছাপা বই, খাতা ও কলমের ব্যবহার বাড়াচ্ছে নরওয়ে। দীর্ঘদিন ধরে স্কুলে ল্যাপটপ ও ট্যাবলেটের ব্যাপক ব্যবহার চালুর পর এবার প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছে দেশটি।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, শিশুদের সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নিচ্ছে সরকার।

তিন বছর আগে শিক্ষার্থীদের আইপ্যাড সরিয়ে খাতা-কলমে পড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের তিরস্কারের মুখে পড়েছিলেন নরওয়ের এক শিক্ষক। অথচ এখন সেই পদ্ধতিতেই ফিরতে চাইছে দেশটির শিক্ষাব্যবস্থা।

প্রায় ২০ বছর ধরে নরওয়ের স্কুলগুলোতে কম্পিউটার ও ট্যাবলেট ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। করোনা মহামারির সময় এ প্রবণতা আরও বেড়ে যায়। ২০২৩ সাল থেকে রাজধানী অসলোতে প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিজিটাল ডিভাইস রাখার ব্যবস্থাও চালু করা হয়েছিল।

তবে তৃতীয় শ্রেণির শিক্ষক পল লুডভিগ ফিনস্টাড পড়া ও লেখায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একদিন সাময়িকভাবে ট্যাবলেট সরিয়ে খাতা-কলমে পাঠদান শুরু করেন। ২০২৪ সালে সংবাদপত্র ক্লাসেকাম্পেনকে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের জন্য তখন নতুন পদ্ধতি জরুরি হয়ে পড়েছিল। এ সিদ্ধান্তের কারণে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত সতর্কবার্তাও পান তিনি।

এরপর অসলোর পৌর কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিজিটাল ডিভাইস রাখার বাধ্যবাধকতা তুলে নেয়। ফলে শিক্ষাপদ্ধতি ও উপকরণ বেছে নেওয়ার ক্ষেত্রে স্কুলগুলো আরও স্বাধীনতা পায়।

একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিলিয়ে ভিন এএফপিকে বলেন, সমস্যা পর্দা বা স্ক্রিনে নয়, বরং সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে। যখন শিক্ষার বিষয়বস্তুর চেয়ে প্রযুক্তির গুরুত্ব বেশি হয়ে যায়, তখনই সমস্যা তৈরি হয়। বই যেমন প্রয়োজনীয়, আইপ্যাডও তেমন কাজে আসতে পারে। তবে একটির ব্যবহার মানেই অন্যটি বাদ দেওয়া নয়।

প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণের উদ্যোগ

নরওয়ের কর্তৃপক্ষ স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ধীরে ধীরে চালুর সুপারিশ করেছে। পাশাপাশি ছাপা পাঠ্যবই ব্যবহারের সুযোগ আইনগতভাবে নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

২০২৪ সালে স্ক্রিন ব্যবহার নিয়ে গঠিত একটি কমিশনের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ লেখা কাগজে পড়লে শিক্ষার্থীরা সাধারণত তা ভালোভাবে বুঝতে পারে।

২০২৫ সালের পিআইএসএ জরিপেও নরওয়ের শিক্ষার্থীদের ফল উদ্বেগজনক। ১৫ বছর বয়সীদের দক্ষতা যাচাইয়ের এই আন্তর্জাতিক জরিপে পড়ার বোধগম্যতা, গণিত ও বিজ্ঞানে দেশটির শিক্ষার্থীরা ওইসিডির গড় ফলের নিচে ছিল। ২০০৬ সালের পর এই প্রথম তিনটি বিষয়েই একসঙ্গে গড়ের নিচে ফল করে তারা। এর সম্ভাব্য কারণ হিসেবে সর্বত্র স্ক্রিনের উপস্থিতি থেকে তৈরি হওয়া মনোযোগের ঘাটতির কথা বলা হয়।

শিক্ষার বাইরেও প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করছে নরওয়ে। শিশু-কিশোরদের সুরক্ষায় ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করে সরকার। চলতি বছরের শেষ নাগাদ ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকটক, স্ন্যাপচ্যাট ও রোবলক্সের মতো প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রস্তাবিত আইনের খসড়া উপস্থাপনের কথা রয়েছে।

এ ছাড়া ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি বিবেচনায় পার্ক, সমুদ্রসৈকত ও স্কুলের মতো কিছু জনসমাগমস্থলে এসব চশমার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

অসলো মেট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ও গবেষক ক্রিস্টার হিগেন বলেন, একসময় ডিজিটাল অবকাঠামোর উন্নয়নকে বিদ্যুতের আবিষ্কারের সমপর্যায়ের গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুত এগোতে গিয়ে প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণের বিষয়টি উপেক্ষিত হয়েছে।

তার মতে, রাজনৈতিক নেতারা প্রযুক্তির জটিল সমস্যাগুলো সমাধানে পিছিয়ে পড়েছেন এবং দ্রুত কিছু পদক্ষেপ নিয়ে সেগুলো মোকাবিলার চেষ্টা করছেন। ডিজিটাল সেবার আসক্তি তৈরির নকশা, লক্ষ্যভিত্তিক বিপণন এবং শিশু-কিশোরদের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের মতো গভীর সমস্যার তুলনায় এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো উপরিভাগের। এসব পরিবর্তনে কার্যকর অগ্রগতি আনতে হলে ইউরোপজুড়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিষয়:অসলো মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় আসক্তি নরওয়ে ডিজিটালাইজেশনমন্ত্রী তোরগেয়ার মিকালসেন পাঠ্যবই প্রযুক্তি সমাজবিজ্ঞানী ক্রিস্টার হিগেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…