প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এসকে গ্রুপের একটি প্রতিনিধিদল। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।
সোমবার ২৩ নভেম্বর বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিরা জানান, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো একটি গুরুত্বপূর্ণ এনার্জি হাবে পরিণত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী তারা।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিশ্লেষকদের মতে, মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের মতো বড় বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং মাতারবাড়ীকে আঞ্চলিক জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।






