দর্শকের কাছে তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটি ‘সিজন-৪’ প্রচার হচ্ছে। সপ্তাহে তিনদিন ইউটিউবে প্রকাশের পরেই হুমড়ি খেয়ে দেখেন দর্শক। উঠে আসে ইউটিউব ট্রেন্ডিংয়ে। অল্পসময়ে মিলিয়ন ভিউ অতিক্রম করার রেকর্ডও রয়েছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভিউ দেখে খুব সহজেই বোঝা যায়, দর্শক দেশের নাটক আগের চেয়ে বেশি দেখছে। এ কারণে দর্শকদের কাছে বরাবরই কৃতজ্ঞ থেকেছেন অমি। নাটক নিয়ে দর্শকদের এই আগ্রহকে বরাবরই সম্মান জানিয়ে তাদের মতামত গুরুত্ব দেন সময়ের আলোচিত এই নাট্যনির্মাতা।
তাই তিনি দর্শকের উদ্দেশে বললেন, আমি কাজ করি আপনাদের (দর্শক) জন্য। আপনাদের ভিউ আমার কাছে মূল্যবান।
রবিবার রাতে নিজের ফেসবুক ও ফ্যান পেজে একটি স্ট্যাটাস দিয়ে কাজল আরেফিন অমি লেখেন, একজন নির্মাতার সিনেমা দেখার জন্য যদি মানুষ হুমড়ি খেয়ে হলে যায়, নির্মাতা থেকে সেই সিনেমা সংশ্লিষ্টরা খুশি হয়, আবেগ আপ্লুত হয়। সেই সিনেমাকে আমরা ব্লকবাস্টার সুপারহিট সিনেমা বলি।
”কোনো গান যদি আমরা অসংখ্যবার শুনি বা দেখি অবশ্যই সেই গানের সাথে সংশ্লিষ্ট সকলেরই ভালো লাগে। ঠিক তেমনি আমার কাজ যখন ইউটিউবে আপনারা দেখেন, আমারও ভালো লাগে।যত বেশি মানুষ দেখে,আমার তত বেশি ভালো লাগে। আমি দর্শকদের (ভিউয়ার্সদের) প্রতি কৃতজ্ঞ। আমি কাজ করি আপনাদের জন্য। তাই আপনাদের ভিউ আমার কাছে মূল্যবান।”
সস্ট্যাটাসে অমি উল্লেখ করেন এসব কথা তার নিতান্তই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। সবশেষে তিনি লেখেন, তবে কোন কাজ বেশি দেখা বা কোন গান বেশি শোনার ওপর সেই সিনেমা, গান কিংবা নাটকের গুনগত মান নির্ধারণ করা উচিত নয়।
অমির দেয়া এই পোস্টে ১৩ ঘণ্টায় ২০ হাজারের বেশি লাইক দেখা যায়। চোখে পড়েছে হাজারও মন্তব্য। পরিচালক অমির অনুসারীরা মন্তব্যের ঘরে ব্যাচেলর পয়েন্টের সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে আরও ভালো ও বিনোদনমূলক নাটক নির্মাণের জন্য অনুপ্রেরণা দিয়েছেন।







