মধ্যপ্রাচ্যে জাহাজে হামলা এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা সফল হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
আল জাজিরা জানিয়েছে, বুধবার (১২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই দাম প্রায় ২৪ শতাংশ বেশি।
হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি না হওয়া এবং সাম্প্রতিক জাহাজে হামলার ঘটনা বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের সংকেত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।
সিডনিভিত্তিক অস্ট্রেলীয় প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, বাজার এখনও সম্ভাব্য চুক্তির বিষয়ে পুরোপুরি আশাবাদ হারায়নি। তবে আলোচনার প্রতি মানুষের আস্থা যে কমছে, তা স্পষ্ট। দৃশ্যমান অগ্রগতি ছাড়া আলোচনা যত দীর্ঘায়িত হবে এবং পক্ষগুলোর দাবিগুলো যত জটিল হবে, দ্রুত কার্যকর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সংশয় তত বাড়বে। মাসের শুরুতে যে আশাবাদ তৈরি হয়েছিল, তা এখন ধীরে ধীরে সতর্ক ও ঝুঁকি-নির্ভর অবস্থানে চলে যাচ্ছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটি বন্ধ থাকা বা সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দেয়।








