শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের সাক্ষাৎকার নিতে ক্যামেরাপার্সনের ছদ্মবেশে সাড়া ফেলেছেন একজন ভারতীয় ক্রিকেটার। মুম্বাইয়ের মেরিন ড্রাইভে গিয়ে অবলীলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভিডিও ধারণ করেন তিনি। সাক্ষাৎকার দিয়েছেন যারা, কল্পনাও করতে পারেননি টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ছিলেন সেই ব্যক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। হোটেলে ৩৩ বর্ষী সূর্যকুমারকে ফুলহাতা শার্ট ও কালো ক্যাপ পরতে দেখা যায়। বলতে শোনা যায়, ‘আজ আমি ক্যামেরাপার্সনের ভূমিকায় অভিনয় করবো। আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো আর রাস্তায় মজা করবো।’
কেউ যেন চিনতে না পারেন, সেজন্য সাদা রঙের মাস্ক দিয়ে মুখ ঢাকেন চলতি বিশ্বকাপে সুযোগ পেয়েই আলো ছড়ানো সূর্যকুমার। পরে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন। মেরিন ড্রাইভে পৌঁছে টিম ইন্ডিয়ার মারকুটে তারকা একাধিক ক্রিকেটপ্রেমীর সাক্ষাৎকার নেন। এ সময় তার হাতে থাকা ক্যামেরা চাল ছিল।
সাক্ষাৎকার দেয়ার সময় এক সমর্থক ছদ্মবেশ ধারণ করা সূর্যকুমারের প্রশংসা করেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে যেন খেলার সুযোগ যেন পান সূর্যকুমার, সেই আশার কথাও জানান ভক্তটি।
সেই সূর্যকুমার ভক্ত বলেন, ‘সূর্যকুমারকে খেলতে দেখা আনন্দের ব্যাপার। সবসময় তার খেলা দেখার সময় ভাবি শটগুলো কীভাবে মারে। কারণ একটাই, তিনি মি. ৩৬০ ডিগ্রি। তাকে দেখতে চাই এবং আশা করি ওয়াংখেড়েতে খেলার সুযোগ পাবেন।’
সূর্যকুমার সাক্ষাৎকার নেয়া শেষে মুখের মাস্ক খুলে ফেলেন। পরে ভক্ত-সমর্থকদের সঙ্গে ছবিও তোলেন।







