ভারতের পেস-অলরাউন্ডার ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে দুঃসংবাদ বাড়ল। গোড়ালির চোটে পড়ায় রোববার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।
বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০ অক্টোবর ধর্মশালার ফ্লাইটে দলের সঙ্গে যাবেন না হার্দিক। লক্ষ্ণৌতে সরাসরি দলে যোগ দেবেন। যেখানে ইংল্যান্ডের সঙ্গে খেলবে ভারত। হার্দিককে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিমের নিয়মিত তত্ত্বাবধানে থাকবেন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সাতদিন পর ২৯ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ওই ম্যাচ দিয়ে হার্দিক মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পুনেতে বৃহস্পতিবার বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বোলিং আক্রমণে এসে হার্দিক পান্ডিয়া চোটে পড়েছেন। তার দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন লিটন। তৃতীয় বলটি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। গোড়ালিতে চোট পাওয়ার পর ব্যান্ডেজ করাতে হয়। বেশ খানিকক্ষণ মাঠে সেবা চলতে থাকে। উঠে দাঁড়ানোর পর খোঁড়াতে থাকায় শেষে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আর খেলতে নামেননি। পান্ডিয়ার ওভারের বাকি তিন বল করেছিলেন বিরাট কোহলি।







