জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কোন বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি। ঐক্যমতের ভিত্তিতে দেশবাসী মিলে আমরা অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হবো, আপনি উপকৃত হবেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গায় হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
ভারত নীতি নিয়ে জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের আরও প্রতিবেশী আছে এবং বিশ্বসভায়ও আরও অনেকগুলো দেশ আছে।
বিশ্বসভার সমস্ত সদস্য আর আমরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেব।
জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেলা জামায়াতের এ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমীর মওলানা তাজউদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক প্রমুখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জামায়াতের দায়িত্বশীল সদস্যরা অংশ নেন।









