শান্তিতে নোবেল পাওয়া মারিয়া রেসা ফিলিপিন্সে তার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি কর ফাঁকির মামলার সর্বশেষটি থেকে খালাস পেয়েছেন। এই পাঁচটি মামলাই সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের আমলে করা।
বিবিসি জানিয়েছে, ছাড়া পাওয়ার পর মারিয়া আদালতের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের বলেন, আপনার বিশ্বাস থাকতে হবে।
ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবং মাদকের বিরুদ্ধে তার মারাত্মক যুদ্ধের বিষয়ে ব্যাপক তদন্তের জন্য খ্যাতি অর্জন করেছিল মারিয়া ও তার নিউজ ওয়েবসাইট র্যাপলার। যার কারণে তিনি ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
মারিয়ার খালাস নিয়ে র্যাপলার এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র র্যাপলারের জন্য নয়, প্রত্যেকের জন্যই একটি বিজয় যারা বিশ্বাস রেখেছে যে একটি মুক্ত ও দায়িত্বশীল সংবাদ সম্প্রদায় এবং গণতন্ত্রকে শক্তিশালী করে।
উল্লেখ্য, ২০১৮ সালে মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠান র্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে ফিলিপাইন সরকার। এতে বলা হয়, রেসা এবং তার প্রতিষ্ঠান র্যাপলার ২০১৫ সালে বিদেশি বিনিয়োগের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন। একটি কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হলে মারিয়াকে ৩৪ বছর পর্যন্ত জেলে কাটাতে হতে পারত।
কর মামলায় খালাস পেলেও তিনি এখনও পুরোপুরি মুক্ত হননি। একটি সাইবার মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলে এর আগে তার সাত বছরের জেল হয়। মামলাটির আপিল চলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।








