বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর প্রত্যেক হজ্জযাত্রীর জন্য “নুসুক” স্মার্ট কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
হজ্জযাত্রী অথবা হজ্জ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা শ্রমিক যারাই মাশায়ের মুকাদ্দাসায় মিনা, মুযদালিফা ও আরাফাতে প্রবেশ করতে চান, সকলের জন্যই এই কার্ড বাধ্যতামূলক। যদি কেউ এ নিয়ম লঙ্ঘন করে, সে হজ্জের নিয়ম-কানুন ও নির্দেশনাবলী লঙ্ঘন করার শাস্তির সম্মুখীন হবে। বিশেষ করে স্থানীয়দের ক্ষেত্রে এই নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করা হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, নিয়মিত এবং অনিয়মিত হজ্জযাত্রীদের মাঝে পার্থক্য করতে “নুসুক” স্মার্ট কার্ড ব্যবহারের পদক্ষেপ নেয়া হয়েছে। সুতরাং যাদের কাছে কার্ডটি থাকবেনা, তার পক্ষে মাশায়ের মুকাদ্দাসায় প্রবেশ করা সম্ভব হবে না।
গত সপ্তাহে, সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় “নুসুক” স্মার্ট কার্ডের উভয় সংস্করণ মুদ্রিত ও ডিজিটাল কপি উদ্ভোধন করেছে। মুদ্রিত কপি হজ্জযাত্রী বহন করবে এবং ফোনের ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ডিজিটাল কার্ডের কোড স্ক্যান করে তাতে প্রবেশ করা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কার্ডটিতে অনেকগুলো পরিসেবা রয়েছে যা হজ্জযাত্রীদের জন্য তাদের হজ্জের কার্যাবলী পালন করা সহজ করে তুলবে। কারণ এটি তাদের সহজভাবে চলাফেরা করতে এবং দলবদ্ধভাবে হজ্জ কার্যক্রম সম্পাদনের সময়-সূচির ব্যাপারে নির্দেশনা-সতর্কতাবলী প্রাপ্তিতে সহায়তা করবে। পাশাপাশি এর মাধ্যমে তারা তাদের জন্য প্রদত্ত যাবতীয় সেবা-পরিসেবার মান মূল্যায়ন এবং অভিযোগ দায়ের করতে পারবেন।
বহু দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজে হজ্জ ব্যবস্থাপনায় সেবা প্রদানের নামে ভূয়া বিজ্ঞপ্তি দাতা জাল হজ্জ এজেন্সীগূলোর খপ্পরে না পড়ার জন্য মন্ত্রণালয় পূনঃরায় সতর্ক করেছে।
মন্ত্রণালয় আরও গুরুত্বারোপ করেছে , কেবলমাত্র রাজকীয় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু কৃত হজ্জ ভিসা লাভের মাধ্যমে এবং বিভিন্ন দেশের হজ্জ অফিসগুলোর মাধ্যমে কিংবা হজ্জ মিশন নেই এমন দেশগুলোতে “নুসুক হজ্জ” প্ল্যাটফর্মের মাধ্যমে হজ্জ ব্রত পালন করার জন্য আসা যাবে।







