অপরাধ

ডিবি পরিচয়ে নাহিদের বাসায় ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে গেল কারা?

ডিবি পরিচয়ে নাহিদের বাসায় ঢুকে টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে গেল কারা?

ছবিটি এআই দিয়ে তৈরি করা

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল ব্যক্তি বাসায় ঢুকে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন। তবে কারা এসব জিনিস নিয়ে গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা ডিবি পরিচয়ে বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন সে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরিবারের অভিযোগ অনুযায়ী, পুলিশের মূল দল বাসায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা সেখানে প্রবেশ করেছিলেন।

গ্রেপ্তারের সময় ধারণ করা একটি ভিডিওতে নাহিদের স্ত্রী ও মেয়েকে এ অভিযোগ করতে দেখা যায়। তারা জানান, ওই ব্যক্তিরা বাসায় ঢুকে তল্লাশির পর মেয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যান।

পরিবারের অভিযোগ শুনে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘কারা এসেছিল, আমরা তো এখন এলাম।’

এ সময় ওসি পরিবারের সদস্যদের কাছে জানতে চান, যারা এসেছিলেন তাদের কাউকে চিনতে পেরেছেন কি না। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই ব্যক্তিদের বিষয়ে কিছু জানেন না বলে জানান।

পুলিশের কাছে পরিবারের সদস্যরা আরও জানতে চান, তাদের সঙ্গে থানায় যেতে দেওয়া হবে কি না। ওসি তাদের থানায় যাওয়ার অনুমতি দেন।

পরিবারের অভিযোগের সত্যতা যাচাই, বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রবেশ ও বের হওয়ার সময়ের তথ্য পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দো পুলিশের (ডিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা ডিবি পরিচয়ে বাসায় ঢুকেছিল তারা আসলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নাকি প্রতারক চক্র তা যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে একই দিন সাবেক এই শিক্ষামন্ত্রীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত মামলার কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে সাবেক এই শিক্ষামন্ত্রীকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওই সময় পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

বিষয়:উত্তরা পশ্চিম থানা ডিবি ডিবি পরিচয়ে লুটপাট নুরুল ইসলাম নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…