আন্তর্জাতিক

ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে জমি বিক্রি, একজন চিকিৎসক অন্যজন প্রকৌশলী

ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে জমি বিক্রি, একজন চিকিৎসক অন্যজন প্রকৌশলী

ছবি: সংগৃহীত

সন্তানদের উচ্চশিক্ষিত করার স্বপ্ন পূরণে নিজের শেষ সম্বল কৃষিজমির একাংশ বিক্রি করেছিলেন বাবা। সেই ত্যাগ আর দুই ভাইয়ের কঠোর পরিশ্রমে অবশেষে পূরণ হয়েছে তার স্বপ্ন। ভারতের বিহারের গয়া জেলার এই দুই ভাইয়ের একজন চিকিৎসক এবং অন্যজন প্রকৌশলী হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দুই ভাইয়ের বড়জন সোনু রাজ। ২০২৬ সালের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (নিট) ৬৩৬ নম্বর পেয়ে দিল্লির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (সিএপিএফআইএমএস) ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, ছোট ভাই মনু রাজ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইনসে ৯৩ পার্সেন্টাইল পেয়ে বিহারের বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজির মেসরা ক্যাম্পাসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য দুই ভাই ভারতের রাজস্থানের কোটায় অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটে দুই বছর একসঙ্গে পড়াশোনা করেছেন।

তাদের বাবা মনোজ কুমার গয়ার একটি শস্যবাজারে কুলির কাজ করেন। পাশাপাশি কৃষকদের ফসল বিক্রিতে মধ্যস্থতা করে কমিশন পান। মা রেশমি দেবী গৃহিণী। সীমিত আয়ের এই পরিবারে দুই ছেলের পড়াশোনার খরচ জোগানো ছিল কঠিন চ্যালেঞ্জ।

মনোজ কুমার জানান, সন্তানদের স্বপ্ন পূরণে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে তাদের পরিশ্রম অবশেষে সার্থক হয়েছে। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পেলে যে স্বপ্ন পূরণ করা সম্ভব, তাদের সন্তানরা তা প্রমাণ করেছে।

মনুর কোটায় গিয়ে পড়াশোনার ইচ্ছা পূরণ করতে জমি বিক্রি করতে হয় পরিবারকে। তাদের দুই টুকরো কৃষিজমি ছিল। সেখানকার ফসল দিয়ে পরিবারের খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি কিছু ফসল বিক্রি করে সংসার চলত। কিন্তু ছেলের উচ্চশিক্ষার কথা ভেবে একটি জমি বিক্রি করে দেন মনোজ।

মনু জানান, দশম শ্রেণিতে তিনি ৯৬ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৮৪ দশমিক ৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। গয়া থেকে অনেক শিক্ষার্থী কোটায় গিয়ে চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর তাকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। পরে খোঁজখবর নিয়ে অ্যালেনে ভর্তি হন।

কোটায় প্রস্তুতির সময় একাধিকবার অসুস্থ হয়ে পড়েন মনু। সেখানে যাওয়ার পর টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হন। এ ছাড়া অস্বাভাবিক হৃদ্‌স্পন্দন এবং প্রায় তিন মাস ধরে জ্বরে ভোগেন তিনি। তবে অসুস্থতার মধ্যেও নিয়মিত ক্লাস করেছেন এবং পড়াশোনা চালিয়ে গেছেন।

সোনু বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণে তারা দিনরাত পরিশ্রম করেছেন। পরিবারের সদস্যদের ত্যাগের প্রতিদান দিতে পেরে তারা আনন্দিত। এখন পরিবার ও সমাজের জন্য কিছু করতে চান তারা।

অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. নবীন মাহেশ্বরী বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তা করাই তাদের উদ্দেশ্য। দুই ভাইয়ের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে এবং তা পূরণে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

বিষয়:চিকিৎসক জমি বিক্রি প্রকৌশলী স্বপ্ন পূরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…