চোট কাটিয়ে দেড়মাস পর মাঠে ফিরেছেন নেইমার। সান্তোসের হয়ে বোতাফোগোর বিপক্ষে ফেরাটা একেবারেই ভালো হল না। ফেরার ম্যাচে হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখতে হয়েছে ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। তার দলকেও মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে। ম্যাচ শেষে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন ৩৩ বর্ষী নেইমার।
ব্রাজিলের সর্বোচ্চ লিগ সিরি ‘আ’র ম্যাচে সোমবার বোতাফোগোর বিপক্ষে ১-০তে হেরেছে সান্তোস। লাল কার্ডে দেখে নেইমার মাঠ ছাড়ার ১০ মিনিট পর বোতাফোগোর হয়ে গোল করেন আর্থুর ভিক্টর। সেই গোলে শেষপর্যন্ত আর শোধ করতে পারেনি নেইমারের দল।
প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৭৬ মিনিটে সান্তোসের একটি আক্রমণ বোতাফোগো গোলকিপার হাত দিয়ে রুখে দিলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল সামনে চলে গেলে ছুটে আসেন নেইমার, এক ডিফেন্ডার পা উঁচিয়ে বল ক্লিয়ার করতে গেলে কিছুটা পিছিয়ে থাকা নেইমার আগেভাগেই ডান হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন।
ঘটনায় রেফারি নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। তাতে দুই হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। নেইমার মাঠ ছাড়লে সান্তোস একজন কম নিয়ে আর পেরে ওঠেনি।
ম্যাচ শেষে নেইমার রেফারির দেখানো প্রথম হলুদ কার্ডটি নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে। কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। রেফারিং এতটাই বাজে ছিল। এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না।’
পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলের থাকা সান্তোস আছে ১৮ নম্বরে। ২০ দলের টুর্নামেন্টে ১১ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৭ ম্যাচে দেখেছে তারা হারের মুখ।







