আগেই খবর ছিল পিএসজি থেকে আল হিলালে যাচ্ছেন নেইমার। চুক্তি সমঝোতাও হয়ে গিয়েছিল দুই পক্ষের। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সেটিও হয়ে গেল। ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই বছরের জন্য সৌদি ক্লাবটিতে গেলেন ব্রাজিলিয়ান তারকা।
মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। নেইমারের নতুন যাত্রায় শুভ কামনা জানিয়েছে ক্লাবটি। তবে নেইমারের বেতন নিয়ে কিছুই জানায়নি ফরাসি জায়ান্ট বা সৌদি ক্লাবটি। ইউরোপীয় গণমাধ্যমে খবর, দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার।
পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নেইমারকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘তার মতো একজন দুর্দান্ত খেলোয়াড়কে বিদায় জানানো সবসময়ই কঠিন, তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। প্যারিসে যেদিন এসেছিলেন, তা আমি কখনই ভুলব না। গত ৬ বছরে আমাদের ক্লাবে তিনি অসামান্য অবদান রেখেছেন।’
‘তার সঙ্গে আমাদের একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। তিনি সবসময় আমাদের ইতিহাসের একটি বড় অংশ হয়ে থাকবেন। আমি নেইমার এবং তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ শুভ হোক সেই কামনা করি।’
ফরাসি জায়ান্টদের হয়ে ৬ মৌসুম খেলেছেন নেইমার। ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, শিরোপা জিতেছেন পাঁচটি।







