চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর: প্রাণ-প্রকৃতির এক ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে প্রায়ই খবর হয়- ক্যাম্পাসে সাপ বা বন্য প্রাণী দেখা গেছে। শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে প্রাণীটিকে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। কিন্তু প্রশ্ন হলো, জঙ্গলই যদি তার ঘর হয়, তাহলে তাকে কোথায় অবমুক্ত করছি আমরা? নিজের ঘরে, নাকি মানুষের দখলে চলে যাওয়া অন্য কোনো ঠিকানায়?
বিশ্ববিদ্যালয়ের ষাট বছর পূর্তিতে প্রশ্নটি আরও জরুরি। কারণ, ছয় দশক আগে পাহাড় ও অরণ্যের বুকেই মানুষ এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল। বন কেটে, পাহাড় ভেঙে, রাস্তা বানিয়ে বিস্তৃত করেছে নিজেদের বসতি। অথচ আজ সেই অরণ্যের আদি বাসিন্দা সাপ, হরিণ কিংবা বন্য শূকর চোখে পড়লেই তারা অনাহূত। তাহলে বহিরাগত আসলে কারা? মানুষ, নাকি বন্যপ্রাণী?
শিক্ষার্থী হিসেবে দুই যুগ এবং শিক্ষক হিসেবে গত ১৪ বছর ধরে এই ক্যাম্পাসকে দেখেছি। ছাত্র জীবনে পরিবেশ বিষয়ক সাংবাদিকতা ছিলো আমার আগ্রহের বিষয়। করেছি ক্যাম্পাস রিপোটিং। তাই পাহাড়, বন, ঝিরি, ঝর্ণা, পাখি, সাপ, হরিণ আর বন্য শূকরের সহাবস্থানের মধ্যে কাটানোর মধ্যে নিজেকে বড় করেছি আমি। কখনো মনে হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, নাকি প্রকৃতির এক বিশাল পাঠশালায় শিক্ষার্থী হয়ে আছি! এই ক্যাম্পাস আসলে একটি নিবিড় অরণ্যভূমি। এখানে মানুষের পাশাপাশি প্রকৃতিরও নিজস্ব পাঠক্রম আছে।

বুঝেছি, এটি নিছক শিক্ষাপ্রতিষ্ঠান নয়, একটি জীবন্ত অরণ্যভূমি। এখানে মানুষের পাশাপাশি প্রকৃতিরও অধিকার আছে। অথচ আমরা প্রকৃতিকে সাজাই, ব্যবহার করি, প্রয়োজনে বন্যপ্রাণী উদ্ধার করি। কিন্তু তাদের নিজেদের মতো বেঁচে থাকার অধিকার কতটা মানি?
পাহাড়, বন, ঝর্ণা, ঝিরি আর হালদা নদীর বিস্তৃত পরিবেশব্যবস্থা মিলে হাটহাজারী স্বতন্ত্র প্রাকৃতিক পরিচয় তৈরি করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অজগর, নানা প্রজাতির সাপ, হরিণ, বন্য শূকর, পাখি ও অসংখ্য ছোট প্রাণীরও আবাসস্থল। তাই তাদের উপস্থিতি কোনো অনুপ্রবেশ নয়, বরং এই পরিবেশের স্বাভাবিক অংশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বন্যপ্রাণী নিয়ে দেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলো পর্যালোচনা করলে ক্যাম্পাসের প্রাণবৈচিত্র্য, বন্যপ্রাণীর উপস্থিতি এবং মানুষ-প্রাণীর সহাবস্থানের একটি চিত্র পাওয়া যায়। বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ শিরোনামগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আহত মায়া হরিণ উদ্ধার (৩০ আগস্ট ২০১৮), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১২ ফুটের অজগর উদ্ধার (২৯ ডিসেম্বর ২০২১), চবি ক্যাম্পাস থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার (৩০ সেপ্টেম্বর ২০২১), চবি থেকে ফের অজগর সাপ উদ্ধার (২৫ ফেব্রুয়ারি ২০২২), চবি ক্যাম্পাস থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার (৮ এপ্রিল ২০২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১০ ফুটের অজগর উদ্ধার (১২ আগস্ট ২০২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার (৮ নভেম্বর ২০২৪), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার (২৫ এপ্রিল ২০২৬), চবি ক্যাম্পাসে বন্য শূকর শিকারের চেষ্টা (১৮ ডিসেম্বর ২০২৫) ও ভোরের নীরবতায় চবির হলে মায়া হরিণের দেখা (২৫ সেপ্টেম্বর ২০২৬)।

সংবাদ শিরোনামগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বন্যপ্রাণীরা মূলত উদ্ধার, আতঙ্ক, শিকার কিংবা আকস্মিক উপস্থিতির প্রেক্ষাপটে সংবাদমাধ্যমে উঠে এসেছে। কোনো প্রাণীকে উদ্ধার করা হচ্ছে, কোনো প্রাণীকে ঘিরে তৈরি হচ্ছে আতঙ্ক, আবার কোনো প্রাণীর উপস্থিতি হয়ে উঠছে সংবাদ। অর্থাৎ বন্যপ্রাণীদের ক্যাম্পাসের স্বাভাবিক বাসিন্দা হিসেবে দেখার পরিবর্তে অনেক ক্ষেত্রে তাদের আগন্তুক, অপর কিংবা মানুষের পরিসরে অনুপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত পাহাড়, বনভূমি, ঝোপঝাড় ও প্রাকৃতিক পরিবেশ এসব প্রাণীর আবাসস্থলের অংশ। ফলে ক্যাম্পাসে অজগর, হরিণ কিংবা বন্য শূকরের উপস্থিতি সবসময় অস্বাভাবিক কোনো ঘটনা নয়; বরং এটি ক্যাম্পাসের জীববৈচিত্র্যেরই পরিচায়ক। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে- বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্যপ্রাণীরা কি মানুষের পরিসরে ঢুকে পড়ছে, নাকি মানুষের সম্প্রসারণেই তাদের নিজস্ব পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে? এই প্রশ্ন সামনে রেখে সংবাদ উপস্থাপনার ভাষা, দৃষ্টিভঙ্গি এবং মানুষকেন্দ্রিক চিন্তাভাবনাকে নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
সকালে পাহাড়ে আলো পড়া, বর্ষায় ঝিরির পানি বেড়ে যাওয়া কিংবা সন্ধ্যায় বনের অচেনা শব্দ, এসবই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের অংশ। এখানে প্রকৃতির সঙ্গে মানুষের প্রতিদিনের সহাবস্থান। ষাট বছর পূর্তিতে তাই শুধু ভবন, অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক অর্জনের হিসাব নয়, প্রকৃতির জন্য আমরা কতটা জায়গা রেখেছি, সেই হিসাবও জরুরি। কারণ, এই ক্যাম্পাসের ইতিহাস মানুষের একার নয়, অরণ্যেরও।
সমস্যা শুরু হয় যখন কোনো বন্যপ্রাণী লোকালয়ে বা ভবনের আশপাশে চলে আসে। তখন তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর অনেক সময় ক্যাম্পাসের জঙ্গলে অবমুক্ত করার খবরও আসে। আপাতদৃষ্টিতে কাজটি মানবিক। কিন্তু এখানেই একটি মৌলিক প্রশ্ন আছে। জঙ্গলটি কার? সেখানে বসবাসের অধিকার কার বেশি?

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের ‘উদ্ধার’ শব্দটির অর্থ নিয়েও ভাবা দরকার। কোনো সাপ মানুষের বসতিতে ঢুকে পড়লে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন হতে পারে। মানুষের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, প্রাণীটির জীবনও তেমন গুরুত্বপূর্ণ। কিন্তু উদ্ধার মানেই তাকে নির্বিচারে বনের অন্য কোথাও ছেড়ে দেওয়া নয়। তার প্রজাতি, আবাসস্থল, আচরণ, বিচরণক্ষেত্র এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা থাকা জরুরি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণবৈচিত্র্য নিয়ে প্রকাশিত গবেষণাগুলো আমাদের ভাবনার যথেষ্ট উপাদান দেয়। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিচালিত একটি গবেষণায় ক্যাম্পাসে ২১৫ প্রজাতির পাখির অস্তিত্ব পাওয়া গেছে। ২০১৩-১৪ সালের আরেকটি গবেষণায় ৩৬ প্রজাতির সাপের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এগুলো বিচ্ছিন্ন কোনো প্রাণী দেখার ঘটনা নয়। একটি সমৃদ্ধ বাস্তুতন্ত্রের বৈজ্ঞানিক প্রমাণ। ২০২৬ সালে প্রকাশিত আরেকটি গবেষণার তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে দেশের ১১২১ প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে প্রায় ৩৩১ প্রজাতির উপস্থিতি রয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন। সংখ্যাগুলো আমাদের গর্বিত করার জন্য যথেষ্ট। কিন্তু গর্বের সঙ্গে দায়িত্বও আসে।
এখানে আরেকটি বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। প্রাণী উদ্ধার ও অবমুক্তির মধ্যে একটি বৈজ্ঞানিক সম্পর্ক থাকা দরকার। একটি অজগর বা অন্য কোনো সাপকে উদ্ধার করে বনভূমিতে ছেড়ে দিলেই দায়িত্ব শেষ হয় না। যে স্থানে তাকে ছাড়া হচ্ছে, সেটি তার প্রজাতির উপযোগী আবাসস্থল কি না, সেখানে আগে থেকেই ওই প্রজাতির প্রাণী আছে কি না, নতুন প্রাণীটি সেখানে টিকে থাকতে পারবে কি না, এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। একই সঙ্গে প্রাণীটির পরিচিত বিচরণক্ষেত্রের বাইরে নিয়ে যাওয়া হলে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। উদ্ধারকাজের উদ্দেশ্য হওয়া উচিত মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা। লোকদেখানো কোনো অভিযান নয়।
প্রকৃতির সঙ্গে মানুষের সংঘাতের এই প্রশ্নটি কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়। বাংলাদেশে হাতি ও মানুষের দ্বন্দ্বের ঘটনাগুলো আমাদের সামনে একই বাস্তবতা হাজির করে। হাতির চলাচলের ঐতিহ্যগত পথ যখন বসতি, কৃষিজমি, সড়ক কিংবা অন্যান্য স্থাপনায় বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সংঘাতের ঝুঁকি বাড়ে। হাতি মানুষের এলাকায় ঢুকেছে, নাকি মানুষ হাতির এলাকায় প্রবেশ করেছে, সেই প্রশ্নটিও তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা এমন। মানুষের বিস্তার ঘটেছে। কিন্তু আমরা কি অন্য প্রাণীদের জন্য তাদের চলাচলের পথ অক্ষত রেখেছি?

এই সংকটের আরেকটি দিক আছে। সেটি আমাদের মানসিকতার। ক্যাম্পাসে হঠাৎ একটি সাপ দেখা গেলে প্রথম প্রতিক্রিয়া কী হয়? ভয়, আতঙ্ক, কৌতূহল, নাকি বিস্ময়? হরিণ দেখলে কি আমাদের মনে হয়, কী সুন্দর একটি প্রাণী! আবার বন্য শূকর দেখলে কি একইভাবে আমরা তাকে গ্রহণ করি? নাকি তার উপস্থিতিকে ঝামেলা বলে বিবেচনা করি? মানুষের এই প্রতিক্রিয়াগুলোও পরিবেশচিন্তার অংশ। কারণ সহাবস্থান কেবল একই ভূখণ্ডে পাশাপাশি বসবাসের নাম নয়। সহাবস্থান মানে অন্য প্রাণীর অস্তিত্ব ও প্রয়োজনকে স্বীকার করা। তার প্রতি অযথা ভয়, ঘৃণা কিংবা মালিকানাবোধ পরিহার করা।
এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এমনকি নিয়মিত ক্যাম্পাসে যাতায়াতকারী মানুষও এই পরিবেশের অংশ। তাদের মধ্যে পরিবেশগত নাগরিকত্ব তৈরি করতে হবে। কোনো বন্যপ্রাণী দেখলে তাকে উত্ত্যক্ত না করা, ছবি তোলার জন্য তাড়া না করা, খাবার না দেওয়া, নিজেরা ধরে সরানোর চেষ্টা না করা এবং প্রয়োজন হলে প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দেওয়া। এগুলো খুব সাধারণ আচরণ। কিন্তু এসবের মধ্যেই সহাবস্থানের শিক্ষা লুকিয়ে আছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সমন্বিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা নীতিমালা এখন সময়ের দাবি। প্রথমত, ক্যাম্পাসের বনভূমি, ঝিরি, জলাধার, পাহাড়ি ঢাল ও প্রাণীদের চলাচলের পথ চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত জীববৈচিত্র্য জরিপ করতে হবে। কোন প্রাণী কোথায় থাকে, কোন মৌসুমে তাদের চলাচল বাড়ে, কোন এলাকায় মানুষের সঙ্গে সংঘাতের আশঙ্কা বেশি, এসব তথ্য সংরক্ষণ করতে হবে। তৃতীয়ত, উদ্ধার করা প্রাণীদের অবমুক্তির আগে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। সম্ভব হলে তাদের নিজস্ব আবাসস্থলের কাছাকাছি উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দিতে হবে। চতুর্থত, পাহাড় কাটা, নির্বিচারে গাছ কাটা, জলধারা ভরাট এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে কঠোর পরিবেশগত মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
শুধু প্রাণী উদ্ধার নয়, প্রাণীর আবাসস্থল রক্ষা করাই হতে হবে মূল লক্ষ্য। কারণ একটি অজগর বা হরিণকে বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু তার আবাসস্থল ধ্বংস করে দিলে প্রজাতিটির দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব নয়।
বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আমাদের শেখার আছে। শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অফ প্যারাদেনিয়া-এর পাশে রয়েছে হানথানা বনাঞ্চল। সেখানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বন, তৃণভূমি, নদীতীরবর্তী উদ্ভিদাঞ্চল ও বসতবাড়ির বাগানকে আলাদা আবাসস্থল হিসেবে বিবেচনা করে পাখির বৈচিত্র্য নিয়ে গবেষণা হয়েছে। ২০২১ থেকে ২০২২ সালের জরিপে দেখা গেছে, বনাঞ্চলে পাখির ‘শ্যানন-উইনার’ বৈচিত্র্য সূচক ছিল সর্বোচ্চ ৩.৫৩০। অর্থাৎ, একটি বিশ্ববিদ্যালয় তার প্রাকৃতিক পরিবেশকে শুধু সৌন্দর্যের অংশ হিসেবে নয়, গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্র হিসেবেও দেখতে পারে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এর অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। নগরায়ণের মধ্যেও তারা ক্যাম্পাসে দেশীয় উদ্ভিদ ও প্রাণীর আবাস গড়ে তুলতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তথ্য অনুযায়ী, সেখানে দেশীয় গাছ লাগানো, বহুতল উদ্ভিদ আবাস তৈরি এবং বন্যপ্রাণীর উপযোগী পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ রয়েছে। অর্থাৎ, আধুনিক বিশ্ববিদ্যালয় মানেই প্রকৃতিকে সরিয়ে দিয়ে কংক্রিটের বিস্তার নয়। বরং আধুনিকতা ও জীববৈচিত্র্যকে পাশাপাশি রাখার চেষ্টাও হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী তাই কেবল অতীতের অর্জন উদ্যাপনের উপলক্ষ হতে পারে না। এটি ভবিষ্যতের পরিবেশগত অঙ্গীকারেরও সময়। ষাট বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয় কি একটি জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ করতে পারে না? ক্যাম্পাসের একটি অংশকে সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল ঘোষণা করা যায় না? জীববিজ্ঞান, বনবিদ্যা, ভূগোল, পরিবেশবিদ্যা, যোগাযোগ ও সাংবাদিকতা, ইতিহাস ও অন্যান্য বিভাগের সমন্বয়ে একটি স্থায়ী জীববৈচিত্র্য পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা যায় না? শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে স্থানীয় বাস্তুতন্ত্রকে আরও গুরুত্ব দেওয়া যায় না?
এমন উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের একটি ব্যতিক্রমী প্রাকৃতিক ক্যাম্পাস হিসেবে নয়, দক্ষিণ এশিয়ার পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অবশ্যই প্রয়োজন। কিন্তু উন্নয়ন আর প্রকৃতির ধ্বংস সমার্থক হতে পারে না। বরং এই ক্যাম্পাসে উন্নয়নের অর্থ হওয়া উচিত প্রকৃতিকে বুঝে, তার সীমাবদ্ধতাকে মেনে, মানুষের প্রয়োজনের সঙ্গে অন্য প্রাণীর অস্তিত্বের সমন্বয় ঘটানো।
হীরকজয়ন্তীতে তাই আমাদের আত্মজিজ্ঞাসা হোক, আমরা এই অরণ্যভূমিকে কতটা বুঝতে পেরেছি? কতটা তার কাছ থেকে শিখেছি? আর কতটা নিজেদের মতো করে সাজাতে গিয়ে তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছি?
সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়। সাপের মুখ থেকে ব্যাঙ কেড়ে নিয়ে আমরা কি সত্যিই বলতে পারি, ব্যাঙটিকে উদ্ধার করেছি? প্রকৃতির খাদ্যশৃঙ্খলে সাপের যেমন প্রয়োজন আছে, ব্যাঙেরও তেমন আছে। সেখানে মানুষের আবেগ দিয়ে প্রতিটি সম্পর্কের বিচার চলে না। হয়তো সহাবস্থানের প্রথম পাঠটিই হলো, প্রকৃতির নিজস্ব নিয়মকে সম্মান করতে শেখা। সবকিছুকে উদ্ধার করতে হবে না। কখনো কখনো প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দেওয়াই সবচেয়ে বড় সংরক্ষণ।
ষাট বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে এটাই প্রত্যাশা। মানুষ এখানে থাকবে, শিখবে, গবেষণা করবে, স্বপ্ন দেখবে। কিন্তু সেই স্বপ্নের ভেতর অরণ্যেরও জায়গা থাকবে। কারণ এই বিশ্ববিদ্যালয় শুধু মানুষের নয়। এই অরণ্যভূমির প্রতিটি প্রাণীরও- যাদেরকে ‘আমরা’ই ‘অপর’ বা ‘বহিরাগত’ করে রেখেছি।





