৫০২ দিন পর জালের দেখা পেলেন নেইমার

নেইমার ফুটবল খেলছেন, ৫০২ দিন পর জালের দেখা পেলেন, তিনি উল্লসিত ও গর্বিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি প্রো লিগের দল আল হিলাল থেকে নেইমার শৈশবের ক্লাব সান্তোসে আসেন গত জানুয়ারিতে। স্বদেশী ক্লাবে দ্বিতীয়বার ফিরে প্রথম জালের দেখা পেয়েছেন ব্রাজিলীয় তারকা। ৫০২ দিন পর গোল পেলেন ৩৩ বর্ষী ফরোয়ার্ড।
সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে নেইমারের দল সান্তোস। ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। পাশাপাশি সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন নেইমার। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেন থাসিয়ানো। ৭০ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে।
নেইমার এখনও প্রত্যাবর্তনের পর থেকে কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। আগের তিন ম্যাচে খুব একটা আলো ছড়াতে না পারলেও রোববারের ম্যাচে ছিলেন ছন্দে। সান্তোসও পেয়েছে প্রত্যাশিত জয়।
চোটের কারণে প্রায় একবছর মাঠে অনুপস্থিতির পর গত অক্টোবরে পেশাদার ফুটবলে ফিরে আসেন নেইমার। এরপর গত মাসে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন ব্রাজিলিয়ান তারকা। এরপর ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। সবশেষ ২০২৩ সালের ৩ অক্টোবর আল হিলাল জার্সিতে ইরানের ক্লাব নাসসাজি মাজানদারানের বিপক্ষে গোল করেছিলেন নেইমার।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে প্রথম মেয়াদে তিনি ২২৫ অফিসিয়াল খেলায় ১৩৮ গোল করেছিলেন। এরপর পাড়ি জমান ইউরোপে। বার্সা, পিএসজি এবং সৌদিতে ১২ বছর ঘুরে ফের এসেছেন শেকড়ের ক্লাবে।





