বাংলাদেশ

নাশকতার একদিন

নাশকতার একদিন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরসহ নাশকতার একদিন ছিল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। হামলার শিকার হয়েছে যানবাহন, রাজনৈতিক নেতাদের বাড়িঘর,  ব্যবসাপ্রতিষ্ঠান ও রেলপথ।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতায় জড়িত।

আগের দিন বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, দেশে ও বিদেশে দলটির নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়েছেন।

গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা
দিনের সবচেয়ে বড় সহিংসতার ঘটনাগুলোর একটি ঘটেছে গোপালগঞ্জে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িও হামলার শিকার হয়।

দুপুরে গোপালগঞ্জ শহরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই সময়ে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানার ভেতরে পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুর করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ

চট্টগ্রামে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে বাড়িটির নিচতলার একটি অব্যবহৃত কক্ষে আগুন দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে ওপরতলায় বসবাসকারী পরিবারের সদস্যরা নিরাপদে আছেন।

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির কাছে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও সড়কে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বাঁশখালীতে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। জেলার একটি গ্রামীণ ব্যাংক শাখার বাইরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঢাকা ও আশপাশে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
রাজধানী ঢাকায় আগের রাত থেকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়। খিলগাঁও রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণে এক নারীসহ কয়েকজন আহত হন। শ্যামপুরের ধোলাইপাড়ে বাস কাউন্টারের সামনে একাধিক ককটেল বিস্ফোরিত হয়।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়। বাসটির যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহেও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

তবে রাজধানীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক।

নাশকতার একদিন
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন
গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অভিযোগ কেন্দ্রে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষ, টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভ, চাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং নেত্রকোনায় ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজশাহীতে বাস ডিপো, পাবনার সুজানগরে যাত্রীবাহী বাস এবং নেত্রকোনা ও সুনামগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। নাটোরের গুরুদাসপুরে মহিলা দলের এক নেত্রীর দুটি দোকানেও অগ্নিসংযোগ করা হয়।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অন্তত ১৬ জেলায় এ ধরনের সহিংসতার খবর পাওয়া যায়।

আগের দুই দিনের সহিংসতায় চার মৃত্যু
সহিংসতা শুরু হয় বৃহস্পতিবারের আগেই। বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হন।

এর আগে মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে কৃষকদল নেতা রাজু মোল্লা নিহত হন। বুধবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি বাসের ভেতরে থাকা চালকের সহকারী সিয়াম মারা যান।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, বিজিবি মোতায়েন
সহিংসতা মোকাবিলায় রাজধানীসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও উড়ালসড়কে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা।

প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান
বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, দেশে-বিদেশে দলটি বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার লালমনিরহাট সফরেও প্রধানমন্ত্রী একইরকম বক্তব্য দেন।

বিষয়:অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ভাঙচুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…