চোটে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা নেইমার। অবশেষে কোপা দে ব্রাজিলের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফিরেছিলেন, ফিরেই তাকে বিদায়ের স্বাদ নিতে হয়েছে। এমনকি নেইমারের দল সান্তোসের সঙ্গে নতুন চুক্তি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
শুক্রবার সকালে সিআরবি ও সান্তোসের দ্বিতীয় লেগ ড্র হয়েছে ১-১ গোলে। প্রথম লেগে বৃহস্পতিবার গোল করতে পারেনি কোন দলই। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে সিআরবি। ইংল্যান্ডের এফএ কাপ, স্পেনের কোপা ডেল রের মতো আসর এই কোপা দে ব্রাজিল। ৯২ দলের আসর হয়ে থাকে নকআউট ভিত্তিতে।
ম্যাচ শেষে হতাশ নেইমার বলেছেন, ‘জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি। কিন্তু সবকিছু শুধু আমার উপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এখান থেকে বের হতে হলে সব খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে।’
৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথায় তিনি বলেছেন, ‘আমি এখনও জানি না।’
কাপ থেকে ছিটকে পড়া সান্তোস ধুঁকছে ব্রাজিলিয়ান লিগেও। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে দুইয়ে আছে পেলে-নেইমারের দল হিসেবে বিশ্বে পরিচিত ক্লাবটি।







