সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছাড়ার আগে থেকেই আলোচনায় ছিল নেইমার ফিরবেন শৈশবের ক্লাব সান্তোসে। আলোচনায় হাওয়া লাগে সান্তোস সভাপতি মার্সেলো তেইসেইরা কথায়। তিনি একপ্রকার নিশ্চিতই করেন নেইমার ফিরছেন। নেইমারও জানালেন স্বদেশি ক্লাবে ফেরার খবর, জানালেন ফেরার কারণও।
সমঝোতায় আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ করার পর ঠিক হয়ে যায় সান্তোসে ফিরছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা। বলেছেন, ‘মনে হচ্ছে, আমি যেন সেই সময়টায় ফিরে যাচ্ছি। পরিবার ও বন্ধুদের সঙ্গে এখানে আছি এবং তারা আমাকে সহায়তা করছেন নতুন অধ্যায় রচনা করতে। আর অপেক্ষা করতে পারছি না। তারা আমার সিদ্ধান্ত এরইমধ্যে জানেন। সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি আমি। বিশ্বজুড়ে আমার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা।’
সৌদি ক্লাবেও দারুণ সময় কাটিয়েছেন জানিয়ে নেইমার বলেছেন, ‘অবিশ্বাস্য উষ্ণতায় তারা আমাকে ও আমার পরিবারকে বরণ করে নিয়েছিল। এখানে আমি খুবই খুশি ছিলাম এবং এই স্মৃতি সঙ্গে থাকবে আজীবন। তবে গুরুতর এক চোটে পড়েছিলাম যা প্রত্যাশিত পথে আমাকে এগোতে দেয়নি। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের সাফল্য কামনা করি। সৌদির মানুষদের এটা প্রাপ্য এবং আমিও সেখানে থাকব।’
সৌদি আরবের সময়টুকু উপভোগ করলেও নেইমার বলেছেন, ক্যারিয়ারের স্বার্থে এবং চেনারূপে ফিরতেই সান্তোসে ফিরছেন- ‘সামনের বছরগুলোর চ্যালেঞ্জ সামলাতে আমার যে ভালোবাসার প্রয়োজন, তা কেবল দিতে পারে সান্তোসোর মতো একটি ক্লাবই। আপনি যে ক্লাবেরই (সমর্থক) হন, আপনিও জানেন যে আমি কী বোঝাতে চাচ্ছি। আশা করি, জীবনের পরের পদক্ষেপেও আপনাদের পাশে পাবো। আমার সবচেয়ে কঠিন সময়েও আপনাদের সবার সমর্থনের জন্য কৃতজ্ঞতা। কঠিন সময় অনেকবেশিই ছিল। জীবনে যেটা সবচেয়ে বেশি ভালোবাসি, তা হল ফুটবল খেলতে। এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।’







