প্রবাস সংবাদ

পর্তুগালের ২০২৭ সালের বাজেট অনুমোদন, খাদ্যপণ্যে শূন্য ভ্যাট, আবাসন ও পেনশনে বড় পরিবর্তন

পর্তুগালের ২০২৭ সালের বাজেট অনুমোদন, খাদ্যপণ্যে শূন্য ভ্যাট, আবাসন ও পেনশনে বড় পরিবর্তন

পর্তুগালের ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেট অনুমোদন করেছে দেশটির জাতীয় সংসদ। নতুন বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানো, আবাসন সংকট মোকাবিলা, পেনশন সুবিধা এবং কর ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট খাদ্যপণ্যে শূন্য ভ্যাট, বাড়িভাড়ায় সরকারি গ্যারান্টি এবং পেনশন সুবিধায় পরিবর্তনের সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদে চূড়ান্ত ভোটাভুটিতে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) ও সিডিএস-পিপি জোটের সমর্থনে বাজেটটি পাস হয়। বিরোধী সমাজতান্ত্রিক দল (পিএস) ভোটদানে বিরত থাকে। অন্যদিকে চেগা, ইনিশিয়েটিভা লিবারাল, পিসিপি, ব্লকো দে এসকেরদা, প্যান ও লিভরে বাজেটের বিপক্ষে ভোট দেয়।

চার দিনের বিশেষ আলোচনা ও ভোটাভুটিতে সংসদে ২ হাজার ৮০০টির বেশি সংশোধনী প্রস্তাব বিবেচনা করা হয়। এর মধ্যে ৩৪৩টি প্রস্তাব অনুমোদন পেয়েছে।

নতুন বাজেটের অন্যতম আলোচিত সিদ্ধান্ত হলো ২০২৭ সালের প্রথম তিন মাসে নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বা আইভিএ শূন্য করা। মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বিবেচনায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে আরও তিন মাসের জন্য এ সুবিধা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

দেশটির আবাসন সংকট মোকাবিলায় ২০২৭ সালে সরকারি ভাড়া গ্যারান্টি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী ভাড়াটিয়াদের বকেয়া ভাড়া ও বাড়ির ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকে বাড়ির মালিকদের সুরক্ষা দেওয়া হবে।

এ ব্যবস্থা কার্যকর হলে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত জামানত কিংবা গ্যারান্টর দেওয়ার চাপ কমতে পারে।

এ ছাড়া বাড়ির মালিকদের কর সুবিধায়ও পরিবর্তন আনা হয়েছে। মাসিক ২ হাজার ৩০০ ইউরো পর্যন্ত মাঝারি ভাড়ার ক্ষেত্রে নির্দিষ্ট কর সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেনশনভোগীদের জন্যও নতুন বাজেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালে সরকার অতিরিক্ত এককালীন পেনশন সহায়তা দিলে সেই অর্থ স্থায়ী পেনশন বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে হবে। এর ফলে এককালীন আর্থিক সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদি পেনশন বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

৩৫ বছর বয়স পর্যন্ত তরুণদের প্রথম বাড়ি নির্মাণের ক্ষেত্রে সরকারি ঋণ গ্যারান্টির সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি নির্দিষ্ট শর্তে জমি কেনার ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর কর (আইএমটি) ছাড় এবং বাড়ি নির্মাণের সময় তিন বছর পর্যন্ত ঋণের মূলধন ও সুদ পরিশোধে ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাধীনভাবে কাজ করা কিংবা ‘রেসিবোস ভার্দেস’ পদ্ধতিতে আয় করা ব্যক্তিদের উৎসে কর কর্তনের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। নির্দিষ্ট আয়ের ভিত্তিতে কর কর্তনের হার নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারীদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় পয়েন্ট আট থেকে কমিয়ে ছয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যোগ্য কর্মীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ এগিয়ে আসতে পারে।

সরকারের প্রাথমিক বাজেট প্রস্তাবে ২০২৭ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ২ দশমিক ১ শতাংশ। একই সঙ্গে বাজেটে শূন্য দশমিক ১ শতাংশ উদ্বৃত্ত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

তবে সংসদে অনুমোদিত সংশোধনীগুলোর আর্থিক প্রভাব প্রায় ৮০ কোটি ইউরো হতে পারে বলে হিসাব করেছে সরকার। এর ফলে অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাসে বাজেট উদ্বৃত্তের পরিবর্তে শূন্য দশমিক ২ শতাংশ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্যও নতুন বাজেটের বেশ কয়েকটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট খাদ্যপণ্যে ভ্যাট প্রত্যাহারের ফলে দৈনন্দিন বাজার খরচে কিছুটা স্বস্তি আসতে পারে। বাড়িভাড়ায় সরকারি গ্যারান্টি ব্যবস্থা কার্যকর হলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে সুবিধা পেতে পারেন প্রবাসীরা।

এ ছাড়া তরুণদের বাড়ি নির্মাণে সরকারি ঋণ গ্যারান্টি এবং স্বাধীন পেশাজীবীদের কর ব্যবস্থায় পরিবর্তনও বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে এসব সুবিধা কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিধিমালা, যোগ্যতার শর্ত এবং বাজেট বাস্তবায়নের ওপর।

বিষয়:আবাসন সংকট পর্তুগালের ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেট পর্তুগালের বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…