অজিদের বিপক্ষে টেস্টের আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে তাসমান পাড়ের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টেস্ট শুরুর আগের দিন বুধবার বৃষ্টির কারণে সারাদিন পিচ কভারে ঢেকে রাখা হয়েছে। এদিনই কিউইরা পেয়েছে দুঃসংবাদ।
বুড়ো আঙুলের চোটের কারণে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার ডেভন কনওয়ে। গত শুক্রবার অকল্যান্ডে সফরকারীদের সঙ্গে দ্বিতীয় টি-টুয়েন্টিতে উইকেটরক্ষক থাকা অবস্থায় তার বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যথা পান। প্রাথমিক স্ক্যানে চিড় ধরা না পড়লেও ওই ম্যাচে তিনি আর গ্লাভস হাতে নামেননি ও ব্যাটিংও করেননি। তৃতীয় খেলায় তিনি একাদশে ছিলেন না। পরে অবশ্য আরও আঙুলের চোট আরও গুরুতর ধরা পড়ে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেভনের বাদ পড়া হতাশাজনক। সে একজন জাত খেলোয়াড়। আমাদের দলের জন্য ব্যাটিং অর্ডারের উপরে নামছে এবং জানি সত্যিই এই সিরিজের জন্য সে অপেক্ষা করছে।
কনওয়ের চোটের সার্বিক অবস্থা নির্ণয়ে এক সপ্তাহ মূল্যায়ন করা হবে। দ্রুত সেরে উঠলে পরের ম্যাচে খেলতে পারেন বাঁহাতি এ ব্যাটার। ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
স্টেড নিশ্চিত করেছেন, হাঁটুর ব্যথার কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ দুই টি-টুয়েন্টিতে না খেললেও ওয়েলিংটন টেস্টে খেলার জন্য উপযুক্ত হবেন রাচীন রবীন্দ্র। ইনজুরির কারণে সাউথ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্ট ও ক্যাঙ্গারুদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে না খেললেও ওয়েলিংটন টেস্টে ফিরছেন।
অধিনায়ক টিম সাউদি, ম্যাট হেনরি এবং উইলিয়াম ও’রোর্ককে নিয়ে গড়া হবে স্বাগতিকদের পেস আক্রমণ। একাদশে চতুর্থ পেসার হিসেবে স্কট কুগেলেইনের জায়গা হবে নাকি মিচেল স্যান্টনারের মতো স্পেশালিস্ট স্পিনার খেলবেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়নি।
উইল ইয়ং টেস্ট একাদশে জায়গা ধরে রেখেছেন এবং সবকিছু ঠিক থাকলে টম ল্যাথামের সঙ্গে ওপেনিংয়ে নামবেন। প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্ট মিস করা ড্যারিল মিচেল ৫ নম্বরে নামবেন।
নিউজিল্যান্ড ১৯৯৩ সালের পর থেকে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে কোনো টেস্টে হারাতে পারেনি। ২০১১ সালের পর সাদা পোশাকের ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসদের কোনো জয় নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটিতে এবার সেই খরা ঘুচানোর পক্ষে ইতিবাচক মানসিকতার কথাই জানালেন স্টেড।






