মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত জেনেও প্রেমিকাকে বিয়ে করেছিলেন চট্টগ্রামের এক যুবক। বিয়ের দশ দিন পরে স্ত্রী মৃত্যুবরণ করেন। গত বছর মার্চে এই ঘটনায় শোরগোল পড়েছিল। সেই সত্য ঘটনা নিয়ে নির্মিত হলো নাটক ‘চির অধরা’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাদেক সাব্বির।
পরিচালক জানান, চট্টগ্রামে মাহমুদুল হাসান ও ক্যানসার রোগী ফাহমিদার প্রেমের পরিণতি বিয়ে হয়েছিল হাসপাতালে বেডে। সাতদিন পরেই ফাহমিদা মারা যায়। নির্মাতা সাদেক সাব্বির বলেন, সব পরিস্থিতিতে ভালবাসার মানুষের হাত ধরে রাখা যায়, এই গল্পে এমন বার্তা দেওয়া হয়েছে।
সাদেক সাব্বির বলেন, মাহমুদুল হাসানের সঙ্গে ছোটবেলা থেকেই আমি পরিচিত। তাদের এই ঘটনা অনেকটাই আমার নিজের চোখে দেখা। তাই মনে হয়েছে এমন ভালবাসার গল্প বলা যায়, যে ভালবাসা বিশ্বাসের, যেই ভালবাসার মৃত্যু নেই। গল্পে এমন দেখানো হয়েছে, যে পরিস্থিতি আসুক, চাইলেই ভালবাসার মানুষের হাত ধরে রাখা যায়। গল্পের মধ্যে বন্ধুত্ব, পরিবার, ভালবাসা ও সব শেষে একজন আরেকজনের প্রতি প্রখর বিশ্বাস বিদ্যমান।
এতে ক্যানসারে আক্রান্ত ফাহমিদার চরিত্রে অভিনয় করেছেন মাখনুন মাহিমা এবং মাহমুদুল হাসানের চরিত্রে অভিনয় করেছেন মাসুম রেজওয়ান।
অন্যান্য চরিত্রে আরও আছেন রকি খান, রাজু খান, রিফাত আজমি, মিনা ত্রিসানা। ভালোবাসা দিবসে ‘চির অধরা’ প্রচার হবে টিভি ও ইউটিউবে।







