অর্থনীতি

‘বন্ধ ট্যানারি চালুতে কারিগরি ও আর্থিক সহায়তা, তবে পরিবেশ বিষয়ে ছাড় নেই’

‘বন্ধ ট্যানারি চালুতে কারিগরি ও আর্থিক সহায়তা, তবে পরিবেশ বিষয়ে ছাড় নেই’

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান ও মানদণ্ড না মানলে কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। সাভারের যেসব ট্যানারি এখনো উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান পরিপালনে কোনো ছাড় দেওয়া হবে না।

বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উন্নয়ন নিয়েও কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং টেকসই শিল্পায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

বিষয়:খন্দকার আব্দুল মুক্তাদির ট্যানারি বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…