বিনোদন

শামীম জামানের ৩৫ বছরের ক্যারিয়ার: টেলিভিশনে খ্যাতি, মঞ্চে শেকড়

শামীম জামানের ৩৫ বছরের ক্যারিয়ার: টেলিভিশনে খ্যাতি, মঞ্চে শেকড়

অভিনয় ও নির্মাণ দুই মাধ্যমেই সরব শামীম জামান। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে তার শিল্পীজীবনের সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে মঞ্চনাটক।

দীর্ঘ ৩৫ বছর ধরে যুক্ত আছেন দেশের অন্যতম নাট্যদল আরণ্যকের সঙ্গে। বয়স ও সময়ের পরিবর্তন এলেও মঞ্চের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি। এখনও নিয়মিত অভিনয় করছেন মঞ্চে।

বর্তমানে আরণ্যকের আলোচিত প্রযোজনা ‘রাঢ়াঙ’-এ অভিনয় করছেন শামীম জামান। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি। নির্মাতা সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘গরুচোর’, ‘ওয়ারেন’, ‘মিতালী কথা দিলাম তো’, ‘ভেজাল মণ্ডল’ ও ‘আলতা সুন্দরী’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে।

সালাহউদ্দিন লাভলুর সঙ্গে তার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কও রয়েছে। এ ছাড়া প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘আধিয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এক দশকেরও বেশি সময় ধরে নির্মাণেও ব্যস্ত শামীম জামান। তার পরিচালিত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ প্রচার হচ্ছে একটি বেসরকারি টেলিভিশনে। ইতিমধ্যে ধারাবাহিকটির ৮০টি পর্ব প্রচার হয়েছে।

তবে অভিনয়ের প্রতি শামীম জামানের ভালোবাসার শুরু আরও আগে। নিজ জন্মস্থান মানিকগঞ্জের দৌলতপুরের জোতকাশী গ্রামে স্কুলজীবন থেকেই যাত্রাপালায় অভিনয় করতেন তিনি। পড়াশোনার জন্য ঢাকায় এলেও অভিনয়ের প্রতি আগ্রহ কখনো কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে।

১৯৯১ সালে যুক্ত হন আরণ্যক নাট্যদলের সঙ্গে। তবে শুরুটা অভিনয় দিয়ে নয়, সংগীতচর্চার মধ্য দিয়ে। দলের হয়ে তবলা ও ঢোল বাজানোর পাশাপাশি গানও গাইতেন তিনি। সংগীতের প্রতি তার এই দক্ষতা নজর কাড়ে দলের অন্য সদস্যদের। এরপর ধীরে ধীরে অভিনয়ের সুযোগ আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে মঞ্চে নিজের অবস্থান তৈরি করেন শামীম জামান।

আরণ্যকের ‘সংক্রান্তি’, ‘খেলা খেলা’, ‘প্রকৃত জন কথা’, ‘ইবলিশ’ ও ‘রাঢ়াঙ’সহ বিভিন্ন উল্লেখযোগ্য প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। সংগীতচর্চার অংশ হিসেবে প্রকাশিত হয়েছে তাঁর দুটি অডিও অ্যালবাম ‘একটা চিঠি’ ও ‘পরান বন্ধুরে’।

অভিনয়ের পাশাপাশি বিচারক হিসেবেও কাজ করেছেন তিনটি রিয়েলিটি শোতে। মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা।

শামীম জামান বলেন, মঞ্চ আমার শেকড়, এখান থেকেই আমার শিল্পীজীবনের শুরু। টেলিভিশন কিংবা চলচ্চিত্রে কাজ করেছি, নির্মাণও করছি; কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসা কখনো কমেনি। আরণ্যকের সঙ্গে ৩৫ বছরের পথচলা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। যত দিন সামর্থ্য থাকবে, মঞ্চে অভিনয় করে যেতে চাই।

বিষয়:আরণ্যক টেলিভিশন নাটক থিয়েটার নাটক মঞ্চ শামীম জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…