ইরানের বিরুদ্ধে নিজের এক ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে কথিত এ হত্যাচেষ্টা কখন, কোন স্থানে কিংবা কোন ছেলেকে নিশানা করা হয়েছিল, সেসব নিয়ে কিছুই জানাননি তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন নেতানিয়াহু। আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে জনমত জরিপে পিছিয়ে রয়েছে তার দল। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আনলেন নেতানিয়াহু।
ইরান তার এক ছেলেকে নিশানা করে হত্যার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করে নেতানিয়াহু বলেন, বিষয়টি ‘অবিশ্বাস্য’। এসময় ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নিরাপত্তা নিয়েও কথা বলেন নেতানিয়াহু।
জনমত জরিপের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইজেনকোট আগামী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহুর সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন।
ইসরায়েলের একটি নিরাপত্তা সংস্থা আইজেনকোটকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে খবর প্রকাশের পর এ বিষয়ে কথা বলেন নেতানিয়াহু। এসময় আইজেনকোটকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার পক্ষে মত দেন তিনি।
নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে তার দুই ছেলে ও স্ত্রীকে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল বলে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে। নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহু ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে দীর্ঘ সময় অবস্থান করেছেন। তার নিরাপত্তার ব্যয় ইসরায়েলি করদাতাদের বহন করা নিয়ে দেশটিতে তখন সমালোচনা তৈরি হয়েছিল।









