মৌসুমের প্রথম হারের পর যা বললেন বায়ার্ন কোচ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে হেরে পুরো পয়েন্ট খুইয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৬-২৭ মৌসুমে প্রথম হারের স্বাদ পেল দলটি। হারের পর হতাশা প্রকাশ করেছেন কোচ ভিনসেন্ট কোম্পানি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাথলন অ্যারেনাতে লিলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কোম্পানির শিষ্যরা। হারের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন বায়ার্ন কোচ, ব্যাখ্যা দিয়েছেন।
‘প্রথম অর্ধে আমরা ঠিক যেমন চেয়েছিলাম, খেলা অনেকটা তেমনই ছিল। আমরা শক্তির পাশাপাশি কিছু দুর্বলতাও দেখিয়েছি। সামগ্রিকভাবে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমরা আর ছন্দ ফিরে পাইনি। স্বাভাবিকভাবেই মাঠে আগের মতো স্বাধীনতা বা জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। যা স্বাচ্ছন্দ্যে ম্যাচ শেষ করার জন্য জরুরি ছিল।’
কাউকে দোষারোপ করার সুযোগ নেই বলছেন কোম্পানি, ‘অবশ্যই ফুটবলে এমন হতেই পারে। শেষ মিনিট পর্যন্ত সেরাটা দিতে হবে। আমরা চেষ্টা করেছি। এটি শক্তির অভাব বা অন্যকোন শারীরিক সমস্যার বিষয় নয়। তাই কাউকে দোষারোপ করার সুযোগ নেই। দ্বিতীয় গোলটি কোনভাবেই হওয়া উচিত ছিল না। এখন ছন্দ ফিরে পেতে লড়াই করতে হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনকি কঠিন লড়াই উপভোগও করতে হবে। এটিই ফুটবল।’





