আন্তর্জাতিক

৮৯ বছর পর খোলা হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর রহস্যময় লোহার সিন্দুক

ভেতরে থাকতে পারে অপ্রকাশিত গবেষণাপত্র ও দুর্লভ বৈজ্ঞানিক নথি।

৮৯ বছর পর খোলা হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর রহস্যময় লোহার সিন্দুক

সংগৃহীত

দীর্ঘ ৮৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খোলা হচ্ছে প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর ব্যবহৃত সেই রহস্যময় লোহার সিন্দুক। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত ‘শান্তি ভবনে’ এই মহান বিজ্ঞানীর মৃত্যুর পর থেকে সিন্দুকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্টের এক ঐতিহাসিক নির্দেশের পর সিন্দুকটির ভেতরে থাকা অজানা রহস্য উন্মোচনের পথ তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গিরিডির বরগণ্ডায় অবস্থিত জগদীশচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত বাসভবন ‘শান্তি ভবন’ (বর্তমানে যা ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’ নামে পরিচিত)-এর জরাজীর্ণ ও অবহেলিত অবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি জনস্বার্থ মামলা  (পিআইএল)  গ্রহণ করেন।

৮৯ বছর পর খোলা হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর রহস্যময় লোহার সিন্দুক
সংগৃহীত

মামলাটির শুনানি শেষে বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ ভবনটি দ্রুত সংস্কারের পাশাপাশি যথাযথ নজরদারি ও নিরাপত্তার মধ্যে লোহার সিন্দুকটি খোলার নির্দেশ দিয়েছেন।

কী থাকতে পারে এই সিন্দুকে?

প্রায় ৩ ফুট লম্বা ও ২ ফুট চওড়া এই ভারী লোহার সিন্দুকটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক কৌতূহল রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, সিন্দুকটির ভেতরে আচার্য জগদীশচন্দ্র বসুর অপ্রকাশিত কোনো গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, দুর্লভ বৈজ্ঞানিক রেকর্ড কিংবা ব্যক্তিগত চিঠিপত্র ও গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।

আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, সিন্দুকের ভেতরে থাকা নথিপত্র বর্তমান বিজ্ঞানচর্চা এবং মানবজাতির জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। তাই দীর্ঘ সময় পর হলেও এটি খোলার এখনই উপযুক্ত সময়।

এর আগেও হয়েছিল খোলার উদ্যোগ

এর আগে ২০০২ সালে সিন্দুকটি খোলার একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে সিন্দুকটি খোলার পরিকল্পনা করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত তার গিরিডি সফর বাতিল হয়ে যাওয়ায় সেবার আর সিন্দুকের তালা খোলা সম্ভব হয়নি। এরপর কেটে গেছে আরও দুই দশকের বেশি সময়।

৮৯ বছর পর খোলা হবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর রহস্যময় লোহার সিন্দুক
সংগৃহীত

স্মৃতিবিজড়িত ‘শান্তি ভবন’-এর ইতিহাস

জীবনের শেষ দিনগুলো গিরিডির প্রকৃতির সান্নিধ্যে এই ‘শান্তি ভবনে’ কাটিয়েছিলেন উদ্ভিদের প্রাণ আবিষ্কারক ও বেতার যন্ত্রের অন্যতম পথিকৃৎ জগদীশচন্দ্র বসু। ১৯৩৭ সালে তার মৃত্যুর পর বাড়িটি হাতবদল হয়ে বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের মালিকানায় চলে যায়। পরবর্তীতে ১৯৮৭ সালে তৎকালীন বিহার সরকার বিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ভবনটি অধিগ্রহণ করে এবং সেখানে একটি বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে শিগগিরই সিন্দুকটি খোলা হবে। প্রায় ৯ দশক পর এই সিন্দুক থেকে কী বেরিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিজ্ঞানপ্রেমী ও ইতিহাসবিদরা।

বিষয়:এ পি জে আবদুল কালাম ঝাড়খণ্ড হাইকোর্ট বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ভারতের ঝাড়খণ্ড লোহার সিন্দুক শান্তি ভবন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…