আন্তর্জাতিক

ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

ছবি: সংগৃহীত

ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিম নাগরিকদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির দাবি, দেশজুড়ে পরিচালিত এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে, যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন কমিশন জানায়, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। ইউএসসিআইআরএফ’র কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ অভিযোগ করেন, মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পরে তাদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে।

বিভিন্ন তথ্য-উপাত্ত ও মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলকভাবে বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা পরিকল্পিত বর্জনমূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছেন।

তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, মৃত, অন্যত্র স্থানান্তরিত, একই ব্যক্তির একাধিক নাম এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নামই কেবল তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিলের সুযোগও রয়েছে বলে জানিয়েছে।

ইউএসসিআইআরএফের সদস্য জিন মিলস এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিমদের লক্ষ্যবস্তু করে তাদের নিজ দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা পরিস্থিতিকে ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। এ প্রেক্ষাপটে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি। এ বিষয়ে নীতিগত সুপারিশও করে তারা। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সম্প্রতি সুপারিশগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।

এদিকে, ইউএসসিআইআরএফের অভিযোগ প্রত্যাখ্যান করে সংস্থাটিকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এ ধরনের সমালোচনা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সম্প্রতি সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম এমন মানুষই এই সংশোধন প্রক্রিয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। তারা এ ক্ষেত্রে কয়েকটি বিষয় তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন।

বিষয়:ভারত ভোটার তালিকা মার্কিন কমিশন মুসলিমদের বাদ দিচ্ছে ভারত সংশোধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…