বিনোদন

ধর্মেন্দ্রকে হারানোর এক বছর, তাকে ছাড়া শূন্য হেমা!

ধর্মেন্দ্রকে হারানোর এক বছর, তাকে ছাড়া শূন্য হেমা!

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারানোর এক বছর পূর্ণ হলো। ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান বলিউডের ‘হি-ম্যান’খ্যাত এই অভিনেতা।

স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী ও রাজনীতিক হেমা মালিনী। জানিয়েছেন, ধর্মেন্দ্রকে ছাড়া তার জীবন এখন বড় শূন্যতায় ভরা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো জীবনের নানা মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন হেমা। স্বামীকে নিজের ‘বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক’ উল্লেখ করে তিনি লেখেন, ‘দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল, কিন্তু আমার শোকের তীব্রতা একটুও কমেনি। এমন একজন মানুষকে হারানোর বেদনা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, যে শুধু আমার স্বামী ছিলেন না, ছিলেন আমার সবকিছু। আমার বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, আমার শক্তির জায়গা, সংক্ষেপে বলতে গেলে আমার অস্তিত্বেরই অংশ। তাকে ছাড়া জীবনটা বড় শূন্য মনে হয়।’

ধর্মেন্দ্রর ব্যক্তিত্ব ও মানবিক গুণের কথাও স্মরণ করেন হেমা। তিনি লেখেন, ‘তার অসাধারণ ব্যক্তিত্ব, সহজাত ভালোত্ব এবং সবার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তাকে অনন্য করে তুলেছিল। সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেও তিনি মাটির কাছাকাছি ছিলেন, নিজের শেকড়কে ভুলে যাননি।’

ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে হেমা আরও লেখেন, ভগবদ্গীতা অনুযায়ী আত্মা অবিনশ্বর এবং তার পুনর্জন্ম হয়, তা তিনি জানেন। কিন্তু এই জীবনে ধর্মেন্দ্রর ভালোবাসাময় উপস্থিতি তিনি ভীষণভাবে অনুভব করেন। একই সঙ্গে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ছয় দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘ফুল অউর পাথর’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’ ও ‘ড্রিম গার্ল’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি।

১৯৮০ সালে বিয়ে করেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। এই দম্পতির দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল। এর আগে প্রকাশ কৌরের সঙ্গে প্রথম সংসারে ধর্মেন্দ্রর চার সন্তান সানি দেওল, ববি দেওল, বিজেতা ও অজিতা।

বিষয়:ধর্মেন্দ্র ববি দেওল বলিউড বিজেতা সানি দেওল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…