জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করবে। এ উপলক্ষে বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হবে। তাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংস্কারের কাজ শুধু নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে না। গত এক বছরে জুলাই আন্দোলনের পূর্ণতা আসেনি। তবে জুলাই সনদের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আংশিকভাবে হলেও পূরণ হবে।’
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার বিষয়টি জানানো হয়।








