বাংলাদেশ যা পারেনি তা করে দেখাল জিম্বাবুয়ে

গত অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের সামনে থেকে জয় কেড়ে নিয়েছিল আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টে ৪৭৯ রানের লক্ষ্য দিয়ে জয়ের পথে বেশ এগিয়ে ছিল টিম টাইগার্স। তবে বাধা হয়ে দাঁড়ান সেদিকউল্লাহ অটল। একপ্রান্ত আগলে রাখেন। অটলকে ফেরালেও পরে আফগানদের হাল ধরেছিলেন কাইস আহমেদ। প্রথমে ইয়ামিন আহমেদ জাই এবং পরে জিয়া-উর-রহমানকে নিয়ে ক্রিজে টিকে থেকে পঞ্চম দিনের শেষ সময়টা পার করে আফগানিস্তানকে ড্র উপহার দেন।
আফগানদের অষ্টম উইকেট পড়ার পর ৩০ বল খেলা হয়েছিল। তবে বাকি দুই উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশ বোলাররা। একমাস পর সেটাই করে দেখাল জিম্বাবুয়ে।
শারজায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। ২৯৯ রানে অষ্টম উইকেটের দেখা পায় তারা। এরপর বাধা হয়ে দাঁড়ায় মোহাম্মেদ সালেম ও নাসের খান মারুফ খিল। ১১২ বলে ৫৯ রানের জুটি গড়েন দুজনে। জিম্বাবুয়ে সেই জুটি ভাঙে দিনের শেষ বেলায়। দশম উইকেট নাসের ও জিয়াউর রহমানও বাধা হয়ে দাঁড়ান। ২৯ বল খেলেন দুজনে। তবে দিনের ৩.৩ ওভার বাকি থাকতে গ্রায়েম ক্রেমার জিয়াউরকে আউট করে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন। আফগানদের ইনিংস থামে ৩৬০ রানে। ৫৭ রানে জিতে ১-০তে সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। প্রথম টেস্টে তিন ইনিংসে ৫০০ এর বেশি রান করেছিল দুদল। তাতে চতুর্থ ইনিংসে নামার আগেই ড্র হয়েছিল ম্যাচটি।
এই জয়ে ২২ বছর পর অন্তত দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় পেয়েছে জিম্বাবুয়ে। সবশেষ ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে জিতেছিল তারা।
শুক্রবার শারজায় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটে নেমে ১১৪.৫ ওভারে ৩৩৯ রানে প্রথম ইনিংসে থামে জিম্বাবুয়ে। জবাবে ৬৯.৪ ওভারে ২১৭ রানে অলআউট হয় আফগানরা। ১২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্রায়ান বেনেটের দল। ৯৮ ওভারে ৯ উইকেটে ২৯৫ রান করে ইনিংস ঘোষণা দেয় জিম্বাবুয়ে। আফগানদের সামনে লক্ষ্য দাঁড়ায় রান। লক্ষ্যতাড়ায় নেমে ৩৬০ রানে অলআউট হয় আফগানিস্তান।
টসে জিতে ব্যাটে নেমে দারুন শুরু করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারেন। উদ্বেধনী জুটিতে দুজন মিলে ৯৮ রান করেন। ইনোসেন্ট কাইয়া করেন ৯৬ রান এবং বেন কারেন ৪৪ রানে আউট হন। ব্রেন্ডন টেলর করেন ১১৯ রান। দলের আর কোন ব্যাটার সুবিধা করতে না পারলে ৩৩৯ রানে অল আউট হয় ব্রায়ান বেনেটের দল।
প্রথম ইনিংসে আফগানদের হয়ে নাসির খান মারুফখিল ৭ উইকেট নেন। ২ উইকেট নেন জিয়াউর রহমান, ১ উইকেট নেন ইয়ামিন আহমদজাই।
জবাবে নেমে ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। সেদিকউল্লাহ অটল ১ রানে এবং আব্দুল মালিক ১৮ রানে আউট হন। এরপর রহমানউল্লাহ গুরবাজ ৩৪ এবং হাশমতুল্লাহ শহীদি করেন ৩০ রান। অধিনায়ক রহমত শাহ ৩০ রান করে আউট হন। শেষদিকে আফসার জাজাই ৬৩ রান করেন। তার ইনিংসে ৭টি চারের মার ছিল। আফগানিস্তান থামে ২১৭ রানে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন ভিনসেন্ট মাসেকেসা এবং ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। গ্রায়েম ক্রেমার ২ এবং ব্রেড ইভান্স নেন এক উইকেট।
১২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ব্যাটারদের মধ্যে ইনোসেন্ট কাইয়া ৩৩, বেন কারেন ১৯ এবং ব্রেন্ডন টেলর ৫০ রান করেন। অধিনায়ক বেনেট করেন ২৮ রান। শেষের দিকে গ্রায়েম ক্রেমার ও মুজারাবানির ৯০ রানের জুটিতে ৯ উইকেটে ২৯৫ রান করে ইনিংস ঘোষণা দেয় জিম্বাবুয়ে। ক্রেমার ৫০ এবং মুজারাবানি ৫৯ রান করেন।
দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সালেম। ২টি করে উইকেট নেন নাসির খান মারুফখিল, ইয়ামিন আহমদজাই ও জিয়াউর রহমান।
৪১৮ রানের লক্ষ্যতাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। তবে নাসির মারুফখিল ও আফসার জাজাইর ব্যাটে প্রতিরোধের চেষ্টা করে। নাসির ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। আফসার জাজাই ৮৭ করে সাজঘরে ফেরেন।
জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন ব্রেড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি। ২টি করে উইকেট নেন গ্রায়েম ক্রেমার এবং ভিনসেন্ট মাসেকেসা।





