ফিফার অক্টোবর উইন্ডোতে নেশনস লিগে কাইলিয়ান এমবাপেকে ছাড়াই দুটি ম্যাচ খেলেছে ফ্রান্স। নভেম্বর উইন্ডোতে গড়াতে চলা দুটি ম্যাচের জন্যও স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ২৫ বর্ষী তারকার দলে না থাকাটাকে নিজের সিদ্ধান্ত বলছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
আসন্ন উইন্ডোতে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। ম্যাচ দুটি সামনে রেখে বৃহস্পতিবার ঘোষণা করেছে দল। প্রথমবারের মত ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ের। ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রে র্যাবিয়ত। এমবাপের দলে না থাকার বিষয়টি আলোচনার তুঙ্গে।
দল ঘোষণার পর এমবাপের না থাকার বিষয়ে কোচ দেশম বলেছেন, ‘এটা আমার সিদ্ধান্ত, আর এটাই সঠিক। আমি বুঝতে পারছি, এটি মিডিয়ার জন্য যথেষ্ট নয়। আমি কোনো ব্যাখ্যা বা যুক্তি দিতে চাচ্ছি না। আমি এর চেয়ে বেশিকিছু বলতেও চাই না। এই সিদ্ধান্ত পুরোটাই আমার।
‘আমি তার সঙ্গে কথা বলেছি, আমরা কিছু বিষয়ে একমত হতে পারিনি। সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমার, এবং আমি তাকে এবারও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দুটি বিষয় স্পষ্ট করছি, সে জাতীয় দলে খেলতে চায় এবং তাকে বাইরে রাখার বিষয়ে অন্য কোনো ইস্যু নেই।’
নেশনস লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ঘরের মাঠে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৮ নভেম্বর সান সিরোতে ইতালির আতিথ্য নেমে দলটি। নেশনস লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফ্রান্স। ফরাসিদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইতালি।







