শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা সম্মেলনে ১৬৫টি গবেষণাপত্র উপস্থাপন

ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা সম্মেলনে ১৬৫টি গবেষণাপত্র উপস্থাপন

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী গবেষণা সম্মেলন শেষ হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনে চারটি বিষয়ে ১৬৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি গবেষণায় সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজের সুযোগ নিয়েও আলোচনা হয়।

‘২৫ ইয়ার্স অব ব্র্যাক ইউনিভার্সিটি: রিসার্চ ফর ইনোভেশন অ্যান্ড ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে প্রকৌশল ও প্রযুক্তি, স্বাস্থ্য ও লাইফ সায়েন্স, ব্যবসা ও অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক বিদ্যাসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এ ছাড়া গবেষণার ফলাফল উপস্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও তরুণ গবেষকদের নিয়ে চারটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

গবেষণায় সহযোগিতা বাড়াতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া, ব্র্যাক-ব্র্যাক ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট-অ্যাকাডেমিয়া ফোরামে আলোচনা হয়। এতে শিল্পখাতের চাহিদা অনুযায়ী গবেষণা, যৌথ উদ্যোগে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার ফলাফল নীতিনির্ধারণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন আলোচকেরা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রফেসরিয়াল ফেলো ড. সুলতান হাফিজ রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গবেষণার লক্ষ্য শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর মাধ্যমে মানুষ ও পৃথিবীর কী উপকার হবে, সেটিও বিবেচনায় নিতে হবে। অন্যদিকে, অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, গবেষণার শুরু হতে হবে বাস্তব সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়ে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে।

দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

রোববার ১৫ নভেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানে গবেষণায় অবদান, গবেষণা প্রদর্শনী এবং মৌখিক ও পোস্টার উপস্থাপনায় সেরা কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

বিষয়:উপস্থাপন গবেষণা সম্মেলন গবেষণাপত্র ব্র‌্যাক ইউনিভার্সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…