শিক্ষা

আন্দোলনের মুখে তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্দোলনের মুখে তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনের মুখে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করা হয়।

অবরুদ্ধ অবস্থায় উপাচার্য আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মুক্ত হয়ে রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অফিস বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্প ও অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করলেও তাদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সংস্কারের নামে ঐতিহ্যবাহী ভবনের কাঠামো পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিনসহ অন্যরা।

২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গত রোববার থেকে আন্দোলন শুরু করেন তারা।

বিষয়:আন্দোলন উপাচার্য অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…