ন্যাশনাল এ্যামেচার রেডিও’র ফিল্ড ডে অনুষ্ঠিত

ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সংযোগের ছবি, যেখানে ল্যাপটপ, মোবাইল ও রাউটার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘ন্যাশনাল এ্যামেচার রেডিও’র ফিল্ড ডে-২০২৪ পূর্বাচল রিজার্ভ ফরেস্ট এরিয়া, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২৫০ জন এ্যামেচার রেডিও অপারেটর ও বেতার যোগাযোগ অনুরাগী অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দিনব্যাপী এ্যামেচার রেডিও অপারেটরদের এই মিলনমেলা আয়োজন করে ‘এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এআরএবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর কমিশিনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি)-এর প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান এবং ফিল্ড ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক।
ন্যাশনাল এ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৪-এ বিভিন্ন রকম রেডিও স্টেশন ও এ্যান্টেনা স্থাপন করা হয়। এর সাহায্যে দেশ বিদেশের এ্যামেচার রেডিও অপারেটরদের সাথে এইচএফ, ইউএইচএফ এবং ভিএইচএফ তরঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরণের বেতার যন্ত্রপাতি। দেওয়া হয় হাতে কলমে প্রশিক্ষণ। আয়োজন করা হয় ফক্স হান্টিং ও রোপিংয়ের মত আকর্ষণীয় প্রতিযোগিতা।
অংশগ্রহণকারী এ্যামেচার রেডিও অপারেটরদেরকে চারটি দলে ভাগ করে আয়োজন করা হয় দুর্যোগকালীন যোগাযোগ মহড়া ও বিভিন্ন প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার ও সার্টিফিকেট।
ন্যাশনাল এ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৪-এর আয়োজনমালায় বিটিআরসি বিভিন্ন ধরনের বেতার যন্ত্রপাতি ও মনিটরিং ভেইকেল প্রদর্শন করে। সমগ্র আয়োজনকে সফল করতে বিশেষ সহযোগিতা প্রদান করে অনলাইন গ্রোসারি সপ চালডাল ডট কম ও ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম রিমস।






