বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দুই দেশের জনগণও পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও ইতিবাচক পর্যায়ে দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যু থাকবে, তবে এসব ইস্যু সমাধানযোগ্য। দুই দেশের জন্যই এমন একটি পরিস্থিতি তৈরি করা সম্ভব, যেখানে উভয় পক্ষই লাভবান হবে। ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু হবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের জনগণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সুন্দর সম্পর্ক চায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুই দেশের মধ্যে সুসম্পর্ক চান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সুন্দর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, তার সঙ্গে সাক্ষাৎ করে ভালো লেগেছে। বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে অর্থনৈতিক ও সীমান্ত সহযোগিতার পাশাপাশি বিদ্যমান বিভিন্ন ইস্যু পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর প্রথম সাক্ষাৎ। দায়িত্ব গ্রহণের পর প্রথম এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।








