ক্রিকেট

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

চোট কাটিয়ে বোলিং শুরু করেছিলেন নাহিদ রানা। মাঠে ফেরার অভিযানে ফের ধাক্কা খেলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে তারকা পেসার রাজধানীর একটি বেসরকারি হাসতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে নাহিদের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

বলেছেন, ‘কয়েকদিন ধরে নাহিদ রানার জ্বর। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। এখন পর্যন্ত ঝুঁকির কিছু নেই।’

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর থেকে মাঠের বাইরে নাহিদ। শুরুতে সাইড স্ট্রেইনের চোটে ভোগেন। পুনর্বাসন চলাকালে পিঠের নিচের দিক ও কোমরের হাড়ের সংলগ্ন ব্যথা টের পান তরুণ পেসার। যা কমিয়ে দেয় বোলিংয়ের শক্তি।

এরপর নতুন করে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছিলেন। দেশে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পাঠানো হয় অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। সফলভাবে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পর, সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সবুজ সংকেতও পেয়েছিলেন। ওয়ানডে না হলেও টি-টুয়েন্টিতে ফিরতে পারতেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেই সম্ভাবনাও এখন ক্ষীণ।

বিষয়:ডেঙ্গু নাহিদ রানা বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…