জনপদ

আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫

আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শর্টগানের গুলি ও টেঁটার আঘাতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি বিক্রি এবং শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের কমিশন নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জের ধরে শুক্রবার সকালে সংঘর্ষ শুরু হয়।

ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান,  এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:আকবরনগর ইটভাটার নিয়ন্ত্রণ উত্তর গোপালনগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নারায়ণগঞ্জ ফতুল্লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…