বাংলাদেশ

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নাহিদ ইসলাম নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীদের দায়ী করেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

বিষয়:নাহিদ ইসলাম লন্ডন সংবর্ধনা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…