আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়, কী বলছে বিশ্ব?

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়, কী বলছে বিশ্ব?

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আল জাজিরা জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করল আদালতটি। ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণের ক্ষেত্রে মামলাটি আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছিল। রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতার কথাও জানিয়েছে আদালত। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও শর্ত পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। ঐতিহাসিক এ রায়ের পর বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা প্রতিক্রিয়া জানিয়েছেন।

দ্রুত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রায়টি দ্রুত বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরাতে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায় মেনে চলতে মিয়ানমার আইনগতভাবে বাধ্য। এই সিদ্ধান্ত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশে প্রত্যাবাসন।

বাংলাদেশের কক্সবাজারের একটি শিবিরে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় পর্দায় দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা
বাংলাদেশের কক্সবাজারের একটি শিবিরে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় পর্দায় দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা

গাম্বিয়ার সন্তোষ

মামলাটি দায়েরকারী গাম্বিয়া এ রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির সরকার একে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য ‘ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করেছে। ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। দেশটি বলেছে, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব ১৯৪৮ সালের গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের। গাম্বিয়া মিয়ানমারকে কোনো বিলম্ব ছাড়াই পূর্ণাঙ্গভাবে আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রায় পর্যালোচনা

যুক্তরাষ্ট্র জানিয়েছে, আইসিজের রায়ের প্রভাব ও তাৎপর্য পর্যালোচনা করছে তারা। আলজাজিরাকে দেওয়া এক বক্তব্যে মার্কিন কর্মকর্তা বলেন, গণহত্যা সনদের যথাযথ ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টি এড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, মিয়ানমারের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। রোহিঙ্গা মুসলিমসহ দেশটির অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ রয়েছে ওয়াশিংটনের।

জাতিসংঘের মহাসচিবের প্রতিক্রিয়া

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই রায় প্রমাণ করে যে ভয়াবহ অপরাধের দায়মুক্তি মেনে নেওয়া যায় না। গুতেরেস উল্লেখ করেন, এই প্রথম আইসিজে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে। একই সঙ্গে মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান তিনি।

ওআইসি ও জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিক্রিয়া

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, এ রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে এবং দায়মুক্তির সংস্কৃতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রায়টি রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান এবং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়ও রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে এ অঞ্চলে ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে এক লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের মন্তব্য

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আইসিজের রায়ে স্পষ্টভাবে উঠে এসেছে যে মিয়ানমার মানবজাতির জানা সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটির জন্য দায়ী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও দুর্ভোগ সমগ্র মানবতার জন্য কলঙ্ক।

মামলার রায় সরাসরি সম্প্রচারের সময় তা অনুবাদ করে শোনানো হলে রোহিঙ্গা শরণার্থী শিশুরা প্রতিক্রিয়া জানায়
মামলার রায় সরাসরি সম্প্রচারের সময় তা অনুবাদ করে শোনানো হলে রোহিঙ্গা শরণার্থী শিশুরা প্রতিক্রিয়া জানায়

যুক্তরাজ্যের কূটনৈতিক পদক্ষেপ

রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে যুক্তরাজ্য। এছাড়া বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন তিনি। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা নেতাদের দাবি

রোহিঙ্গা অধিকারকর্মী এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহসভাপতি নায় সান লুইন বলেছেন, রোহিঙ্গাদের প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, পরিচয়ের স্বীকৃতি দিতে হবে এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে, মিয়ানমারের ২১৯টি রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক সমাজের সংগঠনের একটি জোট এ রায়কে স্বাগত জানিয়েছে। রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়েছে তারা। পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, নাগরিকত্ব পুনর্বহাল, নিরাপদ প্রত্যাবাসন এবং মিয়ানমারের সামরিক নেতৃত্বের অপরাধের বিচার দাবি করেছে সংগঠনগুলো। এ দাবির মধ্যে সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের জবাবদিহির বিষয়টিও রয়েছে।

উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও অধিকারকর্মী ওয়াই ওয়াই নু বলেন, এ রায় রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা, তাদের অস্তিত্ব অস্বীকার এবং তাদের দুর্ভোগ আড়াল করার সামরিক বাহিনীর দীর্ঘদিনের প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে ঐতিহাসিক এবং রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য এটি ন্যায়বিচারের একটি বিরল মুহূর্ত।

অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি একে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের বহুল প্রতীক্ষিত স্বীকৃতি বলে উল্লেখ করেছেন।

সব মিলিয়ে আইসিজের এ রায় রোহিঙ্গা গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ নিশ্চিত করা, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই এখন বড় চ্যালেঞ্জ।

বিষয়:আইসিজে গণহত্যা মিয়ানমার রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…