টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের। পরে তালিকায় নাম তোলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এবার আরেকটি রেকর্ডে দেশের প্রথম হলেন ৩৭ বর্ষী তারকা। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে ঢুকলেন।
মুশফিকুর রহিমের ৬ হাজার রান এসেছে ৯৩ টেস্টের ১৭২ ইনিংসে। মিরপুর টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে নামার আগে তার রান ছিল ৫,৯৬১ রান। দুই ইনিংস মিলে মাইলফলকে ঢুকেছেন সাবেক অধিনায়ক। সাদা পোশাকে তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২১৭ রানের।
টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৭০ টেস্ট খেলা তামিমের রান ৫,১৩৪। পরের তালিকায় আছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে তার রান ৪,৬০৯।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিক। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে তার রান এখন ১৫,২৯৫। আগে তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তামিম ইকবাল, সব সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলার পর তার রান ১৫,২৪৯।









