মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সম্প্রতি ব্যাটিংয়ে ছন্দে নেই। তাদের টানা ব্যর্থতা ভোগাচ্ছে দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পারফরম্যান্সে উন্নতি হয়নি। টানা ব্যর্থতার ছাপ পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়েও। নাজমুল হোসেন শান্ত টানা ব্যর্থতার পর সবশেষ ম্যাচে রানে ফিরলেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তারও। তবে উন্নতি করেছেন তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক ও তাসকিন আহমেদ।
ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে নেমে গেছেন মুশফিক। ৯ ধাপ পিছিয়ে ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে নেমেছেন তিনি। ২০১৪ সালের পর এই প্রথম শীর্ষ চল্লিশে জায়গা হারালেন এই অভিজ্ঞ ব্যাটার। একই অবস্থা মাহমুদউল্লাহরও। ৭ ধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে আছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ ম্যাচে ৭৭ রান করেছিলেন শান্ত। তবে প্রথম ম্যাচে কোনো রান করতে পারেননি। দুই ধাপ পিছিয়ে ৫৯৩ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে নেমেছেন। মেহেদী হাসান মিরাজও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৭ ধাপ পিছিয়ে নেমে ৭৫ নম্বরে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তাওহীদ হৃদয়। তাতে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ১৮ ধাপ এগিয়ে ৪৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৬৪ নম্বরে। জাকের আলি অনিক দুই ম্যাচেই রান পেয়েছেন। তাতে প্রথমবারের মত শীর্ষ একশোতে জায়গা করে নিয়েছেন তিনি। ৪২৩ পয়েন্ট নিয়ে ৬৪ ধাপ এগিয়ে এসেছেন ৯৪ নম্বরে।
বাংলাদেশি বোলারদের মধ্যে উন্নতি হয়েছে কেবল তাসকিন আহমেদের। ডানহাতি এই পেসার ৫২৮ পয়েন্ট নিয়ে ৬ ধাপ এগিয়ে এসেছেন ৩০ নম্বরে। মেহেদী হাসান মিরাজ বোলিংয়েও পিছিয়েছেন। ৪ ধাপ অবনতি হয়েছে তার। ৫২৮ পয়েন্ট নিয়ে আছেন তাসকিনের সাথে।







