রংপুর রাইডার্সের বিপক্ষে আঙুলে চোট পেয়েছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। ইকবাল হোসেন ইমনের লেগস্টাম্পের বাইরের ডেলিভারিতে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে বল গ্লাভসবন্দি করতে চেয়েছিলেন তিনি। বল আঘাত হানে উইকেটরক্ষকের আঙুলের মাথায়। আঘাতের মাত্রা বেশিই ছিল। পরে মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে।
অভিষিক্ত ইকবাল হোসেন দ্বিতীয় ওভারে প্রথমবার বলে আসেন। বিপিএলে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন। মোহাম্মদ নবীর ক্যাচ বানিয়ে ফেরান আরেক অভিষিক্ত আজিজুল হাকিম তামিমকে। দ্বিতীয় ডেলিভারি নো দিয়ে বসেন। সেই ডেলিভারিতে আঘাত পান মুশফিক।
মুশফিকের বাঁ-হাতের আঙুলে আঘাত লাগে। ব্যথায় কাঁতরাতে থাকেন। ফিজিও দ্রুত মাঠে আসেন। পরে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
মুশফিক মাঠ ছাড়ার পর কিপিংয়ে আসেন প্রীতম কুমার।







