মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক

বাংলাদেশের আধুনিক নাট্যচর্চা, সাহিত্য ও শিক্ষাজগতের অন্যতম পথিকৃৎ শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা ও ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান।
নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে নাট্যদল ‘থিয়েটার’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করবেন থিয়েটারের সভাপতি ও বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার।
অনুষ্ঠানে এ বছরের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে এবং তাদের হাতে সম্মাননা ও পদক তুলে দেওয়া হবে। পদক প্রদান পর্ব শেষে থাকবে আয়োজনের দ্বিতীয় পর্ব। এতে থিয়েটারের পরিবেশনায় শহীদ মুনীর চৌধুরী রচিত নাটক ‘জমা খরচ ও ইজা’র অংশবিশেষ নিয়ে পাঠ-অভিনয় পরিবেশিত হবে।
বাংলাদেশের নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৯ সাল থেকে নিয়মিত ‘মুনীর চৌধুরী সম্মাননা’ প্রদান করে আসছে নাট্যদল থিয়েটার। পাশাপাশি ১৯৯৭ সাল থেকে প্রতিভাবান তরুণ নাট্যকর্মীদের দেওয়া হচ্ছে ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’। শুরুতে প্রতি বছর দুটি পদক দেওয়া হলেও বর্তমানে এক বছর পরপর এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার টাকা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।
অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী ও সুধীজনদের সপরিবার ও বন্ধুবান্ধবসহ উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন নাট্যদল থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার।






