আন্তর্জাতিক

সৌদি আরব ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

সৌদি আরব ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে দেশটিতে ভ্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ সতর্কতা জারি করেছে।

সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন করে এ সতর্কতা জারি করে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল।

সৌদি আরবে ভ্রমণ বাতিল করা কিংবা জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ নাগরিকদের সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পাশাপাশি, সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোতে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় রিয়াদের প্রধান বিমানবন্দর এবং নাজরান, জিজান ও আসির প্রদেশে কোনও কারণেই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং সৌদি আরবের অন্যান্য স্থানেও জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।
গত রোববার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ইরান ও ইরান-সমর্থিত হুতি হামলার আশঙ্কার কথা উল্লেখ করে নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে।

দক্ষিণ কোরিয়া জরুরি কাজ না থাকলে সৌদি আরবে অবস্থান করা নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, দেশটিতে যাওয়ার পরিকল্পনা থাকলে সে সফর বাতিল করতে বলেছে।

কানাডাও জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্য জেদ্দা ও দাম্মাম শহরে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।

তাছাড়া, মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে দেশটি।

এক সপ্তাহেরও কম সময়ে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পাঁচটি হামলা হয়েছে। এর মধ্যে রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিষয়:কানাডা জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সতর্কতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…