সন্তানকে আইনজীবী বানানোর জন্য অনেক কষ্ট সহ্য করেছেন মা। মায়ের বৃদ্ধ বয়সে সেই আইনজীবী ছেলে, ছেলের বউ এবং ছেলের সন্তান একত্রিত হয়ে নির্যাতন করেন তাকে। ৭৩ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করেন নিয়মিত।
রোববার ২৯ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ওই আইনজীবীকে আটক করেছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, ছেলে, ছেলের বউ এবং নাতি মিলে আশা রানী (৭৩) নামের ওই বৃদ্ধাকে মরধর করছেন।
জানা যায়, আশা রানী তার মেয়ে দীপশিখাকে বলেন, ছেলে অঙ্কুর ভার্মা তাকে মারধর করছেন। আর তাকে সহযোগিতা করেন তার স্ত্রী সুধা এবং সন্তান। এমন কথা জানার পর মেয়ে তার ঘরে একটি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে। পরে সেখানে তাদের নির্যাতনের চিত্র উঠে আসে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগীর নাতি আশা রানীর বিছানায় পানি ঢালছেন এবং তার বাবা-মায়ের কাছে অভিযোগ করছেন যে বৃদ্ধা বিছানা ভিজিয়েছেন। পরে অঙ্কুর এবং সুধাকে ঘরে প্রবেশ করতে দেখা যায়। আর বৃদ্ধাকে লাঞ্ছিত করতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুধা তার শাশুড়ি আশা রানীকে থাপ্পড় মারছে এবং নাতি তাকে টেনে টেনে বিছানার কিনারায় বসিয়ে দিচ্ছে। হামলার ভিডিওগুলো ১৯ সেপ্টেম্বর, ২১ অক্টোবর এবং ২৪ অক্টোবরের।








