কারা ফটকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখলেন মা

ছবি: সংগৃহীত
কারাবন্দি মায়ের সঙ্গে জীবিত অবস্থায় আর দেখা হলো না সন্তানের। শেষ পর্যন্ত কারা ফটকে নিয়ে আসা হলো সন্তানের মরদেহ। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় মৃত সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন মা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে আসা হয় ১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তূর্যের মরদেহ। তার মা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী ওই কারাগারে বন্দি রয়েছেন।
পরিবার ও কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তার বড় ছেলে নিসর্গ হোসেন তূর্য জন্মের পর থেকেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিল। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এরপর পরিবারের পক্ষ থেকে কারাবন্দি মাকে মৃত সন্তান দেখানোর সুযোগ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করলে শনিবার দুপুরে তূর্যের মরদেহ কারা ফটকে নিয়ে আসেন স্বজনরা। সেখানে বিশেষ ব্যবস্থায় সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান শারমিন সুলতানা শর্মী।






