আন্তর্জাতিক

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ মরদেহ উদ্ধার

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের বার্তা সংস্থা ইএফইর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল বা ৭২ কিলোমিটার দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে টেনে দ্বীপের লা এস্তাকা বন্দরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে নৌকার ভেতর থেকে আট থেকে ১০ জনের মরদেহ পাওয়ার কথা জানায় সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা। পরে সব মিলিয়ে ১৪ জনের মরদেহ তীরে আনা হয়।

এদিকে একই দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দরে পৃথক একটি নৌকা থেকে ৮৪ জন জীবিত অভিবাসীকে উদ্ধার করে তীরে নামানো হয়েছে। সেখানে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপে পৌঁছানো অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় এসব কেন্দ্রে।

এক দিনে রেকর্ড ২ হাজার ১০০ অভিবাসীর আগমন
ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন গত অক্টোবর থেকে বেড়েছে। গত ২৫ নভেম্বর এক দিনেই সেখানে পৌঁছান রেকর্ড ২ হাজার ১০০ জন। তাদের অধিকাংশই এল হিয়েরো দ্বীপে আশ্রয় নেন। দ্বীপটির জনসংখ্যা প্রায় ১১ হাজার ৪০০।

এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নতুন করে প্রাণহানির ঘটনায় গভীর বেদনা ও অসহায়ত্ব তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ক্লাভিহোর মতে, অভিবাসনসংকটের মূল শুরু এল হিয়েরোতে নয়, বরং সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে। তাই সংকটের উৎসস্থলেই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

স্পেনে আসন্ন সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে এ প্রাণহানির ঘটনা ঘটল। নির্বাচনী প্রচারে অভিবাসন এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অর্থনীতিতে অভিবাসীদের অবদানের বিষয়টি তুলে ধরছেন। অন্যদিকে জনমত জরিপে এগিয়ে থাকা ডানপন্থী দলগুলো অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে।

প্রতিবছর হাজার হাজার অভিবাসী আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় উত্তাল সমুদ্র ও প্রবল স্রোত উপেক্ষা করে এই যাত্রা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। সাধারণত শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূলে থাকায় এ পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়।

বিষয়:অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জ মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…