ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাফজয়ী ফুটবলাররা

সাফজয়ী ফুটবল দলের সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
হিমালয়ের দেশ নেপালে গত বছর লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মারিয়া-কৃষ্ণা-তহুরাদের দারুণ পারফরম্যান্সে শিরোপার আনন্দে মেতেছিল দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের দিন ভাষা সংগ্রামের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সাফজয়ী ফুটবলাররা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা জাতির সঙ্গে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে ঘাতক বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দেয়া শহীদদের ফুটবল কন্যারা স্মরণ করলেন।
মিডফিল্ডার মারিয়া মান্দা ফেসবুক পেজে লিখেছেন,‘সকলকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই এবং সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
সাফ শিরোপা জয়ী নারী ফুটবলারদের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা দিয়েছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। সেই ছবি আপলোড করে ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকার লিখেছেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি।’
জাতীয় দলের আরেক ফরোয়ার্ড তহুরা খাতুন লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’






